সময় কলকাতা ডেস্ক:- সাম্প্রতিককালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চের হট টপিক। এবার সেই যুদ্ধের আপাতত ইতি টানলো দুই দেশ। শনিবার সন্ধ্যা ৬ টায় ভারতীয় বিদেশ সচিবের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হল এই কথা। ‘শনিবার বিকেল ৫ টা থেকে সবরকমের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও পাকিস্তান’, বললেন বিদেশসচিব বিক্রম মিস্রী।
শনিবার দুপুর ৩:৩৫ নাগাদ পাকিস্তানের ডিজিএমও ফোন করেন ভারতের ডিজিএমও-কে। তিনি অনুরোধ করে বলেন, ভারত যেন পাকিস্তানের উপর আর প্রত্যাঘাত না করে, পাকিস্তানও আর ভারতকে আক্রমণ করবে না। এরপরই বিদেশ মন্ত্রী ঘোষণা করেন আপাতত যুদ্ধ শেষ। ভারত পাকিস্তানকে স্থল-জল-বায়ু পথে কোনও আক্রমণ করবে না।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফেও শনিবার সন্ধ্যা ৬:১৮ নাগাদ একটি সমাজ মাধ্যমে জানানো হয় যে, আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধে ইতি টানলো ভারত পাকিস্তান।
তিনি লেখেন, ‘‘আমেরিকার মধ্যস্থতায় রাতভর (আমেরিকার হিসাবে) আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’’ এর পরেই ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বকে স্বাগত জানিয়ে ট্রাম্পের মন্তব্য, ‘‘বাস্তবজ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য দুই দেশকে অভিনন্দন। এই বিষয়ে (যুদ্ধবিরতি) মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!’’
তবে সূত্রের খবর, পাকিস্তান যদি ভারতের উপর ফের কোনও আক্রমণ করে, তবে ভারতও পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না, করবে প্রত্যাঘাত।
প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের হামলায় প্রাণ হারান ২৬ জন। তারই বদলা নিতে ভারত একের পর এক কূটনৈতিক কৌশলে পাকিস্তানকে আক্রমণ করতে থাকে। পাকিস্তানও থেমে থাকে না। পাকিস্তান ক্রমাগত বর্ডার এলাকায় করতে থাকে গুলি বর্ষণ। এরপর ভারতের তরফে অপারেশন সিঁদুরের মাধ্যমে করা হয় প্রত্যাঘাত। লেগে যায় দুই দেশের মধ্যে যুদ্ধ।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
সই বিতর্কে বিজেপিকে তোপ চন্দ্রনাথের