Home » বালুচিস্তানকে স্বাধীন করতে ফের ভারতের কাছে আর্জি বালুচিস্তান লিবারেশন আর্মির

বালুচিস্তানকে স্বাধীন করতে ফের ভারতের কাছে আর্জি বালুচিস্তান লিবারেশন আর্মির

সময় কলকাতা ডেস্ক:- ভারতকে খোঁচা দেওয়া ভারী হতে চলেছে পাকিস্তানের জন্য। দুদিন আগেই বালুচিস্তান গোটা বিশ্বের কাছে আর্জি জানিয়েছিল, ভারত-পাক সংঘর্ষে ভারতের পাশে দাঁড়ানোর। এবার ফের নতুন করে বার্তা দিল বালুচিস্তান লিবারেশন আর্মি। আর তা সরাসরি ভারতের জন্যই। তাদের দাবি, ১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধে আত্মসমর্পণকারী পাক বাহিনীর থেকে যে ৯৩ হাজার বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছিল, তা বালোচ লিবারেশন আর্মির হাতে তুলে দিক ভারত। ভিডিয়ো বার্তায় বালোচ আর্মিকে বলতে শোনা যায়, যে ৯৩ হাজার অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছিল পাকিস্তান সেনার থেকে, তা বালোচের কাছে দিয়ে দেওয়া হোক। তারপর দেখুক বালোচরা কীভাবে পাকিস্তানের সঙ্গে লড়ে, কীভাবে পতন হয় পাকিস্তানের। বালোচদের পরমাণু অস্ত্র বা মিসাইল লাগবে না।

আগে ঘর সামলাক পাকিস্তান। দেশভাগ প্রায় হতেই চলল। বালুচিস্তানকে স্বাধীন করতে ফের ভারতের কাছে এবার আর্জি জানাল বালুচিস্তান লিবারেশন আর্মি। এবার কি সত্যিই পাকিস্তান থেকে বালুচিস্তান আলাদা হয়ে যাবে? ঘোরাফেরা করছে সেই প্রশ্নই।

ভিডিও বার্তার পাশাপাশি প্রেস বিবৃতিও দিয়েছে বিএলএ। সেখানেও ভারতকে আর্জি জানিয়েছে সাহায্যের জন্য। বিবৃতিতে বলা হয়েছে, ভারত পাকিস্তানকে আক্রমণ করুক। দক্ষিণ থেকে বালোচরা আক্রমণ করবে। গুঁড়িয়ে যাবে পাকিস্তান। তাত্পর্যপূর্ণ বিষয় হল, ভারত-পাকিস্তান সংঘর্ষ আবহে গত শুক্রবারই বালুচিস্তানে দেখা গিয়েছিল অন্য দৃশ্য। পাকিস্তানের পতাকা টেনে নামিয়ে দেয় বালোচ বিদ্রোহীরা। তার বদলে ওড়ায় স্বাধীন বালুচিস্তানের পতাকা। ভারতে বালুচিস্তানের দূতাবাসও খুলতে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল। একদিকে ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তান যখন বিধ্বস্ত, তখনই অন্যদিকে বালুচিস্তানে বালোচ আর্মির দাপটে ভয়াবহ বেকায়দায় পাকিস্তান।

সিন্ধু এবং খাইবার পাখতুনখোয়ার মতো এলাকাতেও বিদ্রোহী আন্দোলন মাথাচারা দিয়ে উঠেছে। বালোচদের দাবি, বালুচিস্তানের ইতিহাস অস্বীকার করা অন্যায়। ১০ হাজার বছরের পুরনো মেহরগড় সভ্যতার অংশ বালুচিস্তান। পাকিস্তান অন্যায়ভাবে বালুচিস্তান দখল করেছে। বালোচদের দাবি, শুধু ভারত নয়, পাকিস্তানের নৃশংসতার শিকার তারাও। ১৯৭১ সালের যুদ্ধে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির কূটনৈতিক সাফল্য ও পাকিস্তানের হেরো মনোভাবের প্রেক্ষিতেই।

অনেকেই মনে করছেন, বালুচিস্তানে যেভাবে বালোচ লিবারেশন আর্মি সক্রিয় হয়ে উঠেছে, তা ১৯৭১-এর মুক্তিযোদ্ধাদের মনে করায়। পাকিস্তানি সেনা প্রতিদিনই বালুচিস্তানে পিছিয়ে পড়ছে। বালুচিস্তানে পাকিস্তান সরকার এখন নামমাত্রই ক্ষমতা দখল রেখেছে। দুদিন আগেই বালুচ বাহিনীর হাতে ১৪ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। আবার অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরেও আন্দোলন মাথাচারা দিয়েছে।

সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ, জল এবং মৌলিক সুযোগ-সুবিধার অভাবের কারণে পাক অধিকৃত কাশ্মীরে স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ লক্ষ্য করা গিয়েছে। ফলে যে কোনও সময় এই প্রদেশের উপর থেকেও ‘পিওকে’ নাম মুছে যেতে পারে। ফলে ভারত-পাক এই অশান্তির আবহে যে কোনও সময় আবার টুকরো টুকরো হয়ে যেতে পারে পাকিস্তান।

About Post Author