Home » জলপাইগুড়ি জেলায় ডেঙ্গু আক্রান্ত ৯১ জন, নড়ে চড়ে বসল জেলা স্বাস্থ্য দপ্তর

জলপাইগুড়ি জেলায় ডেঙ্গু আক্রান্ত ৯১ জন, নড়ে চড়ে বসল জেলা স্বাস্থ্য দপ্তর

সময় কলকাতা ডেস্ক:- রাজ্য জুড়ে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুর থেকে নিস্তার পায়নি পাহাড়ের কোলের এলাকাগুলিও। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি, বানারহাট, নাগরাকাটা, মেটলী মালবাজার ও ময়নাগুড়ি ব্লক থেকে উঠে আসছে একের পর এক ডেঙ্গু আক্রান্তের খবর। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে গোটা জেলায় এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯১জন। তবে বেশিরভাগ আক্রান্তের সংখ্যা ময়নাগুড়ি ব্লক ও নাগরাকাটা ব্লকেই। প্রাক বর্ষায় হুহু করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য দপ্তর।

জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহকুমা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৩ জন রোগী।

তবে হাসপাতাল সূত্রে খবর, পরিস্থিতি মোকাবিলায় জেলা ও ব্লক স্বাস্থ্য দপ্তর তৎপর রয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফে বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কেবল ডেঙ্গু আক্রান্তদের নিয়েই বিশেষ করে ডুয়ার্সের চা বাগানগুলিতে স্বাস্থ্য সম্পর্কিত বাড়তি নজরদারি রাখা রয়েছে। গঠিত করা হয়েছে বিশেষ বিশেষ টিমের। যার মধ্যে আশা কর্মী থেকে শুরু করে এনএম এমনকি বিডিও দপ্তরের স্বাস্থ্যকর্মীরাও যুক্ত।

ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল লাগোয়া গ্রামে গ্রামে গিয়ে রক্তের নমুনা পরীক্ষা, সংক্রমন দমনে নজরদারি এবং জনসচেতনতার বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচি চালানো হচ্ছে। কেবল শহর অঞ্চলের পৌরসভা এলাকাতেই নয় বরং গ্রামাঞ্চলের পঞ্চায়েত এলাকাগুলিতেও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে কীটনাশক থেকে শুরু করে ব্লিচিং পাউডার জলাবদ্ধ এলাকায় স্প্রে করা হচ্ছে। এদিকে আবার বিভিন্ন স্কুল-কলেজগুলিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হচ্ছে। আবার মাইকিং, ক্যাম্প, রোড শো-এর মাধ্যমে মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হচ্ছে।

গোটা বিষয় নিয়ে ধুপগুড়ির মুখ্য ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অঙ্কুর চক্রবর্তী জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৩ জনের মত আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে ধুপগুড়ি ও বানারহাট ব্লক থেকে।

যেহেতু এখনও পর্যন্ত বর্ষা নামেনি তার আগেই আক্রান্তের সংখ্যা হুহু করে বেড়ে যাওয়ায় জলপাইগুড়িবাসীরা খানিকটা চিন্তিত।

About Post Author