Home » এনডিএ ঠেকাতে বিরোধীদের ‘দক্ষিণী চাল’, উপরাষ্ট্রপতি পদে রাধাকৃষ্ণণের বিরুদ্ধে ‘ইন্ডিয়া’র রেড্ডি

এনডিএ ঠেকাতে বিরোধীদের ‘দক্ষিণী চাল’, উপরাষ্ট্রপতি পদে রাধাকৃষ্ণণের বিরুদ্ধে ‘ইন্ডিয়া’র রেড্ডি

সময় কলকাতা ডেস্ক:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধ উপেক্ষা করে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করে দিল বিরোধীদের ইন্ডিয়া জোট। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি হচ্ছেন ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। উপরাষ্ট্রপতি পদে এবার দক্ষিণ বনাম দক্ষিণের লড়াই।

মঙ্গলবারই সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী দলগুলির কাছে আবেদন জানিয়ে বলেন যে, সকলে যেন এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী সিপি রাধাকৃষ্ণণকে সমর্থন করেন।

তারপরেই দুপুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বিরোধীদের বৈঠকে সর্বোচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করে দেওয়া হয়। অন্যতম জোট শরিক এনসিপি-র শিবিরের প্রতিনিধি শরদ পওয়ারকে পাশে নিয়ে ঘোষণা করেন মল্লিকার্জুন খাড়গে। ফলে ধনকড়ের ছেড়ে যাওয়া আসনে মুখোমুখি লড়াইয়ে এবার রাধাকৃষ্ণণ, রেড্ডি।

জগদীপ ধনকড়ের উত্তরসূরি খুঁজতে আগামী ৯ সেপ্টেম্বর হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন। প্রার্থী হিসেবে রবিবারই মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করেছে এনডিএ শিবির। প্রার্থী ঘোষণার পরই সমর্থন আদায়ের লক্ষ্যে জোরকদমে নেমে পড়ে গেরুয়া শিবির।

ইন্ডিয়া জোট যাতে প্রার্থী না দেয়, সেই আবেদন আগেই জানিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাধাকৃষ্ণণকে জেতাতে ইন্ডিয়া জোটের সমর্থন আদায়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ফোন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী মোদি নিজেও বিরোধীদের কাছে সেই আবেদন জানিয়েছিলেন। যাতে এনডিএ-র প্রার্থীকেই বিরোধীরা সমর্থন জানান। কিন্তু সেই অনুরোধ না রেখে সম্মুখসমরে নামল ইন্ডিয়া জোট।

উপরাষ্ট্রপতি পদে এবার দক্ষিণ বনাম দক্ষিণের লড়াই:

সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার আগে সুদর্শন রেড্ডি গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছেন।

এছাড়াও অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি ছিলেন। ২০১১ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। মঙ্গলবার বিরোধী জোটের প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেস সভাপতি খাড়গে বলেন, আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচন হবে আদর্শগত সংঘাত। সংবিধানের সঙ্গে সংবিধান বিরোধীদের লড়াই।

ইন্ডিয়া জোট সর্বসম্মতিক্রমে সর্বসম্মতিক্রমে অন্ধ্রের বাসিন্দা, প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে প্রার্থী হিসেবে ঘোষণা করে। তবে এই প্রার্থীকে ঘিরে চন্দ্রবাবু নায়ডুদের খানিকটা অস্বস্তিতে পড়তে হতে পারে।

কারণ, এনডিএ জোটের প্রার্থীকে সমর্থন জানিয়েছে টিডিপি। আবার বিরোধীদের প্রার্থী তাদের নিজেদের রাজ্য অর্থাৎ অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ফলে তাঁকে সমর্থন প্রত্যাশিত। সবমিলিয়ে নিজেদের অবস্থান নিয়ে ধন্দে চন্দ্রবাবু নায়ডুরা। তবে দুই দক্ষিণীর লড়াইয়ে উপরাষ্ট্রপতি নির্বাচন যে জমাটি হবে, তাতে সন্দেহ নেই।

About Post Author