পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : “জাল হলফনামা” তৈরি হচ্ছে থানায়।রীতিমতো বোমা ফাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিরোধী শিবিরের (ডেমোক্র্যাটিক বা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস) পক্ষে ভুয়ো বা নকল হলফনামা বা নথি তৈরি করানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের শিবিরের অভিযোগ অনুসারে, দলের নাম, নির্বাচনী প্রতীক ও তহবিলের ওপর অধিকার প্রতিষ্ঠা করতে এবং সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে অরূপ রায়কে তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে মানেন—তা প্রমাণ করার প্রয়োজনে অরূপ রায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবির নির্বাচন কমিশনে তথাকথিত ভুয়ো হলফনামা জমা দেওয়ার চেষ্টা করেছে
ভিডিওটি দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত যে দাবিগুলো করেছেন তার নির্যাস পুলিশের মাধ্যমে নথি পূরণ ও স্বাক্ষর। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে বসে কাগজপত্র পূরণ করতে ও সই করাতে দেখা যায়। অভিষেকের দাবি, তাঁরা সবাই পুলিশ কর্মী এবং পূর্ব বর্ধমানের কালনা থানার ভেতরে বসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-এর জন্য এই নথিগুলো তৈরি করা হচ্ছে।তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য নকলি হলফনামা তৈরি করা হচ্ছে, যেখানে নোটারির সইও নকল। অভিষেকের আরও দাবি, যাঁদের নামে এই হলফনামাগুলো নির্বাচন কমিশনে জমা দেওয়া হচ্ছে, তাঁদের অনেকেই এ বিষয়ে কিছুই জানেন না অথবা পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে তাঁদের সই করানো হয়েছে।
অন্যদিকে রাজ্য প্রশাসনের (নবান্ন) পক্ষ থেকে অভিষেকের এই দাবি খারিজ করে পাল্টা জানানো হয়েছে যে, প্রকাশিত ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। থানার ভেতরের জাল ফুটেজ ছড়ানোর অভিযোগে রাজ্য সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পদক্ষেপ নিচ্ছে।।


More Stories
চা বাগানের পণ্যবাহী কন্টেনারেই স্কুল যাত্রা! শিশু স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তা শিকেয়!
গোহত্যা বন্ধ ও রফতানি : মোদিকে উদ্ধৃত করে শুভেন্দুকে আক্রমণ নওশাদের, আদতে কে কী বলেছেন? সত্যিটা কী?
চোরদের স্বর্গরাজ্য! চোর গাঁটকাটাদের মুক্তাঞ্চল গয়েরকাটা!