পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ২৭ নভেম্বর : পাঁচ মাস যেতে না যেতেই কার্যত প্রাক্তন হয়ে গেলেন ঋতব্রত। আইনি নির্দেশে ঋতব্রত আপাতত বিরোধী দলনেতা নন । কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার পদ খারিজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের । শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ বিধানসভার স্পিকারের পূর্ববর্তী সিদ্ধান্ত খারিজ করে দিয়ে এই রায় দিয়েছেন। এককথায় স্পিকারের সিদ্ধান্ত খারিজ। গত জুন মাসে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা এবং আখরুজ্জামানকে মুখ্য সচেতক হিসেবে যে স্বীকৃতি দিয়েছিলেন, আদালত তা আইনসম্মত নয় বলে বাতিল করে দিয়েছে। বিরোধী দলনেতা কে হবেন, সে বিষয়ে বিধানসভার স্পিকারকে আগামী ১০ দিনের মধ্যে যুক্তিসম্মত কারণসহ নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সব মিলিয়ে বিরোধী দলনেতার পদটি আপাতত শূন্য। স্পিকার নতুন সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত রাজ্যে বিরোধী দলনেতার পদটি শূন্য থাকছে এবং ততদিন এই পদমর্যাদা ব্যবহার করা যাবে না বলে আদালত জানিয়েছে।উল্লেখ্য,২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করে স্পিকারকে চিঠি দেওয়া হয়েছিল।কিন্তু পরে দল থেকে বহিষ্কৃত ও বিক্ষুব্ধ বিধায়কদের একটি অংশের সমর্থনে স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণা করেন। স্পিকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়।আর শেষ পর্যন্ত আপাতদৃষ্টিতে নৈতিক জয় কালীঘাট পন্থী তৃণমূলের। তবে গঙ্গা দিয়ে আরও জল প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।।


More Stories
চক্ষু চিকিৎসার পরে আবার কারাগারে ইমরান
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি অধীরের
বিরোধীরা কিছুই করতে পারবে না বললেন দিলীপ