স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ জুলাই: ফুটবল মানে ব্রাজিল, আর ব্রাজিল মানে ফুটবল। এই প্রবাদটি একসময় খুব জনপ্রিয় ছিল। ব্রাজিলিয়ান ফুটবলের “কিংবদন্তি” পেলে একবার বলেছিলেন, ‘ব্রাজিল ইটস, স্লিপস, ড্রিঙ্কস ফুটবল, ইট লিভস ফুটবল’। ভুল বলেননি পেলে। তথ্য পরিসংখ্যান বলছে ফুটবল ইতিহাসের সফলতম জাতীয় দলটির নাম ব্রাজিল। সব মিলিয়ে এই দলটি জিতেছে মোট ১৯ টি ট্রফি। এরমধ্যে রয়েছে ৫ টি বিশ্বকাপ, ৯ টি কোপা আমেরিকা, ১ টি অলিম্পিকে স্বর্ণপদক ও ৪ টি কনফেডারেশন কাপ।

এত ট্রফি ঝুলিতে থাকলেও, শেষ কয়েক বছরে ফুটবল মাঠে ব্রাজিলের সেই দাপট উধাও। বিশ্বকাপ জয়ের দুই দশক কেটে গিয়েছে। এরপর থেকে বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্যে জুটেছে শুধুই ব্যর্থতা। শুধু বিশ্বকাপ কেন? ব্রাজিল শেষবার আন্তর্জাতিক ট্রফি জিতেছে ২০১৯ সালে। এবার সুদিন ফেরাতে উদ্যোগী ব্রাজিলের ফুটবল প্রশাসন। বিশ্বকাপে অপ্রত্যাশিত ব্যর্থতার পর ব্রাজিলের কোচের পদ থেকে ইস্তফা দেন তিতে। এবার ব্রাজিল ফুটবলের হট সিটে বসতে চলেছেন কিংবদন্তি কোচ কার্লো আন্সেলোত্তি। কোপা আমেরিকার আগে দলের দায়িত্ব নেবেন ৬৪ বছরের ইতালিয়ান কোচ। এমনটাই জানিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনালডো রডরিগেজ।

যতদিন আন্সেলোত্তি দায়িত্ব না নেন, ততদিন অস্থায়ী কোচের দায়িত্ব সামাল দেবেন ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো দিনিজ। এখনও রিয়েল মাদ্রিদের সঙ্গে চুক্তি রয়েছে ইতালিয়ান কোচের। শেষ হচ্ছে আগামী বছরের ২০ জুন। তারপরই নেইমার, ভিনিসিয়াসদের দায়িত্ব নেবেন তিনি। প্রথমবারের জন্য আন্তর্জাতিক দলকে কোচিং করানোর দায়িত্ব পেলেন তিনি। এর আগে ১৯৯২ থেকে ১৯৯৫ সালে ইতালির সহকারী কোচ ছিলেন কার্লো। যদিও ক্লাব ফুটবলে চুটিয়ে কোচিং করিয়েছেন। ইতালির পার্মা, জুভেন্টাস, এসি মিলানে কোচিং করিয়েছেন।
আরও পড়ুন শুরুতেই বড় জয়! পাঠচক্রকে হারিয়ে কলকাতা লিগ অভিযান শুরু মোহনবাগানের

দেশের ক্লাব ছাড়াও কোচিং করিয়েছেন প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি, ফরাসি ক্লাব প্যারিস সা জা, লা লিগার জায়েন্ট রিয়েল মাদ্রিদ, জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, ইতালির নাপোলি, প্রিমিয়ার লিগের এভারটন-সহ একাধিক প্রথম সারির ক্লাবে। যদিও ফুটবল ম্যানেজার হিসেবে সব থেকে বেশি ট্রফি জিতেছেন রিয়েল মাদ্রিদের হয়ে। বর্তমানে রিয়েলেই রয়েছেন তিনি। এরপরই নিজের দীর্ঘ ফুটবল কোচিং জীবনে নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন কার্লো আন্সেলোত্তি। যদিও ব্রাজিলের ফুটবলারদের সম্পর্কে ধারণা রয়েছে তাঁর। রিয়েল মাদ্রিদে কার্লোর প্রশিক্ষণে খেলেন ব্রাজিলের তিন তারকা মিলিতাও, রড্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র। এখন কার্লোর হাত ধরে ব্রাজিলিয়ান ফুটবলের সোনালী অতীত আবার ফেরে কিনা সেদিকেই তাকিয়ে ফুটবল মহল।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?