Home » একটি যুগের অবসান,দীর্ঘ ফুটবল জীবনকে অ্যাদিও জানালেন বুঁফো

একটি যুগের অবসান,দীর্ঘ ফুটবল জীবনকে অ্যাদিও জানালেন বুঁফো

স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা,৩ আগস্ট:অ্যাদিও শব্দটি ইতালিয়ান। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় বিদায়। গত কয়েক ঘন্টায় ইতালিতে সব থেকে ব্যবহৃত শব্দের মধ্যে অন্যতম। কারণ ফুটবলকে অ্যাদিও জানালেন ইতালির কিংবদন্তি ফুটবলার জানলুইজি বুঁফো। বুধবার পেশাদার ফুটবল গ্লাভস দুটিকে তুলে রাখার খবর সমাজ মাধ্যমে নিজেই জানিয়েছেন ৪৫ বছরের গোলরক্ষক। সমাজমাধ্যমে বুঁফো লিখেছেন, ‘‘এ বার থামার পালা। আপনারা আমাকে সব কিছুই দিয়েছেন, আমিও আপনাদের
নিজের সেরাটাউপহার দিয়েছি। এবার অবসরের সময় চলে এসেছে।’’

জোয়ান কলিন্স বলেছিলেন, ” বয়স হল একটা সংখ্যা। বয়স সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, যদি না সেটা সুরাপাত্র হয়।” পশ্চিমী দেশগুলিতে পুরনো সুরাপাত্রের কদর সর্বজনবিদিত। কারণ তাঁরা মনে করেন সময়ের সঙ্গে সঙ্গে সেই সুরার গুণগত মান বাড়তে থাকে। যেরকম সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিণত হয়েছেন ইতালির গোলরক্ষক ও জনপ্রিয় সুরা ব্র্যান্ডের মালিক জিজি বুঁফো।

১৯৭৮ সালে কুরাহরাতে এক ক্রীড়া পরিবারে জন্ম বুঁফোর। তাঁর মা মারিয়া ছিলেন জাতীয় স্তরের শট পুট ও ডিস্কাস থ্রো চ্যাম্পিয়ন। কাকু দান্তে ছিলেন বাস্কেটবল খেলোয়াড়। বড় দিদিরা ছিলেন পেশাদার ভলিবল খেলোয়াড়। তাঁর আর এক আত্মীয় লরেঞ্জো ইতালির অনেক নামী ক্লাবে খেলছেন। তবে গোলরক্ষক হিসেবে বুঁফোর অনুপ্রেরণা ছিলেন ক্যামেরুনের কিংবদন্তি গোলরক্ষক থমাস এনকোনো। ইতালির ক্লাব পার্মার হয়ে খেলেই পেশাদারী ফুটবলে আবির্ভাব হয় বুঁফোর। টানা ৬ বছর পার্মার হয়ে খেলার সময় ইতালির জাতীয় দলে ডাক পান তিনি।

ক্লাব ও জাতীয় দলের হয়ে নিয়মিত নজরে আসেন ফুটবল বিশেষজ্ঞদের। এরপর ২০০১ সালে ইতালির জনপ্রিয় ক্লাব জুভেন্টাসে সই করেন। দ্যা ওল্ড লেডিদের হয়ে এরপর খেলেছেন দীর্ঘ ১৭ বছর। মাঝে ২০১৮-১৯ মরশুমে যোগ দেন পিএসজিতে। ২০১৯ সালে ফের ফিরে আসেন পুরনো ক্লাব জুভেন্টাসে। তারপর ছেলেবেলার ক্লাব পার্মাতে খেলেই বিশ্বস্ত গ্লাভস দুটিকে তুলে রাখার সিদ্ধান্ত নিলেন শতাব্দীর অন্যতম সেরা গোলরক্ষক। পার্মার জার্সিতে খেলেছেন ১৬৮ টি ম্যাচ। জিতেছেন কোপা ইতালিয়া, সুপারকোপা, ইউএফএ কাপ।

আরও পড়ুন    দলবদলের বাজারে চমক, রোনাল্ডোকে রুখে দেওয়া ডিফেন্ডার মোহনবাগানে

জুভেন্টাসের জার্সিতে ১৭ বছরে জিতেছেন সব বড় ট্রফি। ইতালি লিগে মোট ৬৫৭ টি ম্যাচ খেলেছেন বুঁফো। প্রতিযোগিতার ইতিহাসে এই রেকর্ড আর কেউ স্পর্শ করতে পারেননি। টানা ৯৭৪ মিনিট একটিও গোল হজম না করে নজির স্থাপন করেছিলেন এই কিংবদন্তি গোলরক্ষক। এছাড়াও ইতালি লিগে পেনাল্টি বাঁচানো তিনিই প্রবীণতম গোলরক্ষক। ক্লাব ফুটবলে ১০টি সিরি-এ খেতাব জিতেছেন এই কিংবদন্তি গোলরক্ষক। এত সাফল্যের মধ্যে একটাই আক্ষেপ। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পাননি তিনি। ২০০২-০৩, ২০১৪-১৫ ও ২০১৬-১৭ মরশুমে ফাইনালে পৌঁছেও শেষ রক্ষা হয়নি। পিএসজির জার্সিতেও জিতেছেন লিগ ওয়ান।

About Post Author