স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা,৩ সেপ্টেম্বর: বেলাগাম মন্তব্যের জেরে এবার কি কড়া শাস্তির মুখে সুনীল ছেত্রীদের কোচ ইগর স্টিমাচ? সম্প্রতি একটি সংবাদমাধ্যমে ভারতীয় ফুটবল নিয়ে বেলাগাম মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের জন্য এবার তাঁকে কারণ দর্শানোর বিজ্ঞপ্তি বা শো কজ করল ভারতীয় ফুটবল সংস্থা বা এআইএফএফ। আগামী তিনদিনের মধ্যে জাতীয় ফুটবল দলের কোচকে নিজের বক্তব্যের সমর্থনে জবাব দিতে হবে। সাম্প্রতিক সময়ে স্টিমাচের একাধিক মন্তব্য অস্বস্তিতে ফেলেছে ভারতীয় ফুটবল সংস্থাকে। আক্রমণাত্মক ফুটবল দর্শনের পাশাপাশি স্বভাবেও যে তিনি বেশ আক্রমণাত্মক তার প্রমাণ আগেই মিলেছে।

এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলকে পাঠানোর ব্যাপারে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে জোরালো সওয়াল করেছিলেন তিনি। সম্প্রতি জাতীয় দলে ফুটবলার ছাড়া নিয়ে ক্লাব ও জাতীয় দলের দ্বন্দ্ব নিয়েও প্রকাশ্যে সরব হতে দেখা গিয়েছিল স্টিমাচকে। সাম্প্রতিক এশিয়ান গেমস, বিশ্বকাপ কোয়ালিফায়ার এবং এশিয়ান কাপের প্রস্তুতিতে ফুটবলার ছাড়ার ব্যাপারে অনীহা দেখা গিয়েছিল ক্লাবগুলির মধ্যে। অনিচ্ছুক ক্লাব গুলিকে এক সাক্ষাৎকারে কড়া আক্রমণ করেন ভারতের ক্রোট কোচ। কারণ তিনি মনে করেন ভারতীয় ফুটবল এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে ক্লাবগুলিকে জাতীয় দলের পাশে থাকার আহ্বান করেছিলেন স্টিমাচ।
আরও পড়ুন বদলার ম্যাচ নাকি আবার জয়? লাল হলুদ না সবুজ মেরুন, জিতবে কে?

তারপরেও একাধিক ক্লাব ইস্টবেঙ্গল, মুম্বই সিটি এফসি, কেরল ব্লাস্টার্স, জামশেদপুর এফসি, ওড়িশা এফসি জাতীয় শিবিরে ফুটবলার না ছাড়ার সিদ্ধান্তে অনড় থাকে। এই ক্লাবগুলির জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ক্রোয়েশিয়ার প্রাক্তন ডিফেন্ডার। তিনি এও বলেন ভারতীয় ফুটবলের স্বার্থের তাগিদে তিনি এই অপ্রিয় কথাগুলি বলছেন। যদিও তাঁর এহেন মন্তব্য ভালো চোখে নেয়নি সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। এক কর্তা জানিয়েছেন, এর আগেও তাঁকে একাধিকবার সতর্ক করা হয়েছে বলেও জানা গিয়েছে। কিন্তু স্টিমাচের সব সতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে নিজের কাজ করে গিয়েছেন। ‘অবাধ্য’ স্টিমাচের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিল ভারতীয় ফুটবল সংস্থা। তিন দিনের মধ্যে সদুত্তর না পেলে আরও কঠিন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?