স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা, ৩ সেপ্টেম্বর: আইসিসির একদিনের বিশ্বকাপের সব থেকে বড় মঞ্চ বিশ্বকাপ। চলতি বছরের শেষে ভারতের মাটিতে বসছে বিশ্বকাপের আসর। শনিবার অর্থাৎ ভারত-পাক মহারণের দিন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক তালিকা প্রস্তুত করে ফেলল ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। যদিও এখনও এই তালিকা প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। চূড়ান্ত দল ঘোষণা করার জন্য এখনও প্রায় সাড়ে তিন সপ্তাহ সময় পাওয়া যাবে।

পাকিস্তানের বিরুদ্ধে নিস্ফলা ম্যাচ দিয়ে এশিয়া কাপে অভিযান শুরু করেছে রোহিতরা। ওই ম্যাচ দেখতে ক্যান্ডির পেল্লিকেলে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখ্য নির্বাচক অজিত আগরকর। ম্যাচ শেষে জাতীয় নির্বাচক মণ্ডলীর সদস্যরা বৈঠক করেন। সূত্রের খবর সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও ভারতের কোচ রাহুল দ্রাবিড়। সেই বৈঠকে বিশ্বকাপের প্রাথমিক দল নিয়ে সিদ্ধান্ত নেন তাঁরা।
আরও পড়ুন বদলার ম্যাচ নাকি আবার জয়? লাল হলুদ না সবুজ মেরুন, জিতবে কে?
প্রত্যাশা মত একদিনের বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তিনি ছাড়াও ব্যাটিং বিভাগে থাকছেন অভিজ্ঞ কোহলি, গিল, সূর্যকুমার যাদব ও শ্রেয়স আইয়ার। উইকেট রক্ষক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা হয় তিনজনের মধ্যে। তিনজন হলেন ঈশান কিষান, লোকেশ রাহুল ও সঞ্জু স্যামসন। এঁদের মধ্যে প্রথম দুজনে আস্থা রেখেছেন নির্বাচকরা। তাৎপর্যপুর্ণ ভাবে প্রাথমিক দল থেকে বাদ গিয়েছেন দুরন্ত ফর্মে থাকা তিলক বর্মা। অলরাউন্ডার হিসেবে থাকছেন হার্দিক, জাদেজা, শার্দুল ও অক্ষর।

ভারতের স্পিন সহায়ক পিচে স্পেশালিস্ট স্পিনার হিসেবে কুলদীপকে বেছে নিয়েছেন নির্বাচকরা। বাদ দেওয়া হয়েছে যুজবেন্দ্র চাহালকে। তিন পেস বোলার হিসেবে থাকছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরা। প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণাকে। বিশ্বকাপের ১৫ সদস্যের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, শুভমন গিল, শ্রেয়স আয়ার, ঈশান কিশন, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার