স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ নভেম্বর: চলতি বিশ্বকাপে অপরাজেয় ভারত। একটি ম্যাচও না হেরে সেমিফাইনালে পৌঁছেছেন রোহিত শর্মারা। সেমিফাইনালে ভারতীয় দলের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আগামী বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি হবে দুটি দল। রাউন্ড রবিন গ্রুপে এই নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে ৪ উইকেটে জয় পেয়েছিল মেন ইন ব্লু শিবির। তবে ঘরের মাঠে সেমিফাইনালে চাপ আরও বেশি থাকবে।
আরও পড়ুন কালীপুজোর তখন এবং এখন

নেদারল্যান্ডসের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে প্রথম দল অপরিবর্তিত রাখা হয়েছিল। কোনও পরীক্ষানিরীক্ষার পথে হাঁটেনি ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। সূত্রের খবর, সেমিফাইনালেও প্রথম একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব কম। তবে ম্যাচের আগে কোনও ক্রিকেটার চোট পেলে পরিস্থিতি পরিবর্তন হতে পারে। দেখে নেওয়া যাক অপরিবর্তিত দল কিরকম হতে চলেছে…
রোহিত শর্মা (অধিনায়ক): সেমিফাইনালেও ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত। চলতি বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় ক্রিকেটের হিটম্যান। ৯ ম্যাচে রোহিতের সংগ্রহ ৫০৩ রান। স্ট্রাইক রেট ১২১.৫০। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় ৫৮ টি চার ও ২৪ টি ছয় মেরেছেন রোহিত। প্রথম পাওয়ার-প্লে তে দ্রুত রান তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সেমিফাইনালে তাঁর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে সমর্থকরা।
শুভমন গিল: প্রতিযোগিতার শুরুতে ডেঙ্গি আক্রান্ত হয়ে অনেকগুলি ম্যাচ খেলতে পারেননি শুভমন গিল। পাকিস্তানের বিরুদ্ধে দলে প্রত্যাবর্তন করেছেন। ৭ ম্যাচে করেছেন ২৭০ রান। স্ট্রাইক রেট ১০৪.৩৬। ইনিংস শুরুতে দলাধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়েছেন। তবে এখনও পর্যন্ত গিলের ব্যাট থেকে বড় রান আসেনি। সেমিফাইনালে কি জ্বলে উঠবে ভারতের উদীয়মান তারকার ব্যাট?
বিরাট কোহলি: বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। ৫ ম্যাচে কোহলির সংগ্রহ ৫৯৪ রান। গড় ৯৯.০০। প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় রয়েছেন শীর্ষ স্থানে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ৪৯ তম শতরান করেছেন ইডেনে। ছুঁয়েছেন সচিন তেন্ডুলকরের রেকর্ডকে। সেমিফাইনালে ভারতের বাজি কিং কোহলি।
শ্রেয়স আইয়ার: বিশ্বকাপের শুরুতে ফর্মে ছিলেন না। তাঁকে খেলানো নিয়ে প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে। তবে লিগের শেষের দিকে রানে ফিরেছেন। ৯ ম্যাচে করেছেন ৪২১ রান। গড় ৭০.১৭। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১২৮ রানের অনবদ্য ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। চার নম্বরে এখন দলের প্রথম পছন্দ আইয়ার।
কে এল রাহুল: এই মুহূর্তে দলের ধারাবাহিক ক্রিকেটারদের মধ্যে অন্যতম। নেদারল্যান্ডসের বিরুদ্ধে করেছেন ঝোড়ো শতরান। ৪ ম্যাচে রাহুলের সংগ্রহ ৩৪৭ রান। গড় ৬৯.৪। ব্যাট হাতে নয় উইকেটের পিছনে দলকে নির্ভরতা দিচ্ছেন রাহুল। একাধিক রিভিউয়ের সিদ্ধান্তের ক্ষেত্রেও নজর কাড়ছেন। হার্দিক চোট পাওয়ার পর তাঁকে সহ অধিনায়কের দায়িত্ব দিয়েছে দল। সেমিতে তাঁর দলে থাকা একপ্রকার নিশ্চিত।

সূর্যকুমার যাদব: বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়ে দল থেকে ছিটকে যান হার্দিক পান্ডিয়া। তারপর থেকে প্রথম একাদশে নিয়মিত খেলছেন সূর্য। তবে এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে নিজের দিনে বিপক্ষের বোলারদের নিয়ে ছেলে খেলা করার ক্ষমতা রাখেন তিনি। তা ছাড়া ওয়াংখেড়ে সূর্যর ঘরের মাঠ। ফলে তাঁকে বাইরে রেখে সেমিফাইনালে নামার সম্ভাবনা খুব কম।
রবীন্দ্র জাডেজা: ভারতের প্রথম একাদশে একমাত্র অলরাউন্ডার জাদেজা। ব্যাট, বল, ফিল্ডিং তিনটি ডিপার্টমেন্টে তাঁর উপর অগাধ ভরসা টিম ম্যানেজমেন্টের। ৯ ম্যাচে করেছেন ১১১ রান। গড় ৫৫.৫। ৯ ম্যাচে নিয়েছে ১৬ টি উইকেট। গড় ১৮.২৫। ইকোনমিও ৪ এর কম। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটে শিকারিদের তালিকায় রয়েছেন সাত নম্বরে। দলের ভারসাম্য রাখতে জাদেজার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁকে ছাড়া ভারতের প্রথম একাদশ বাছাই করা কঠিন।
মহম্মদ শামি: প্রতিযোগিতার শুরুতে প্রথম একাদশে ঠাঁই হয়নি মহম্মদ শামির। হার্দিক চোট পাওয়ায় সুযোগ পান। সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করছেন। ৫ ম্যাচে নিয়েছেন ১৬ টি উইকেট। গড় ৯.৫৬। দুটি ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। সেমিফাইনালে তাঁকে বাইরে রেখে দল সাজানোর ঝুঁকি দল নেবে না।
কুলদীপ যাদব: বিশ্বকাপে ধারাবাহিক ভাবে উইকেট পাচ্ছেন কুলদীপ যাদব। ৯ ম্যাচে নিয়েছেন ১৪ টি উইকেট। গড় ২২.২৮। ভারতীয় পিচে অত্যন্ত কার্যকর এই বাঁহাতি স্পিনার। কয়েকটি ম্যাচে অবশ্য জোরে বোলারদের দাপটে বেশি বল করার সুযোগ পাননি। সেমিফাইনালে দলের বিশেষজ্ঞ স্পিনার হিসেবে প্রাধান্য পাবেন তিনি।
যশপ্রীত বুমরা: ভারতের বোলিং আক্রমণের প্রধান মুখ। প্রতিযোগিতায় ভাল ফর্মেও রয়েছেন। তাঁর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তনরা। ৯ ম্যাচে ১৭ টি উইকেট পেয়েছেন তিনি। গড় ১৫.৬৪। রয়েছে একটি পাঁচ উইকেট। এই বিশ্বকাপে দলের কৃপণতম বোলার তিনি। ইকোনমি ৩.৬৫। সেমিফাইনালে তাঁর আগুনে বোলিংয়ের দিকে তাকিয়ে দেশবাসী।
মহম্মদ সিরাজ: চলতি বিশ্বকাপে এখনও ধারাবাহিক নয়। ৯ ম্যাচে নিয়েছেন ১২ টি উইকেট। গতি এবং সুইং দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন। বুধবারের সেমিফাইনালে প্রথম একাদশে তাঁর থাকা একপ্রকার নিশ্চিত।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক