Home » IPL 2024: চেন্নাইয়ে ধোনিদের বিরুদ্ধে হার, চলতি আইপিএলে আর অপরাজেয় নয় নাইটরা

IPL 2024: চেন্নাইয়ে ধোনিদের বিরুদ্ধে হার, চলতি আইপিএলে আর অপরাজেয় নয় নাইটরা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ এপ্রিল: চলতি আইপিএলে নিজেদের প্রথম তিনটি ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সোমবার চলতি লিগে প্রথমবার হারের মুখ দেখতে হল নিশিকান্ত পণ্ডিত, গৌতম গম্ভীরের দলকে। চেন্নাইয়ের চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারলেন তারা।  প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান তোলে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন শ্রেয়স আয়ার। জবাবে ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই। হলুদ জার্সীধারীদের হয়ে অনবদ্য ব্যাটিং করেন দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড।

বোলিং সহায়ক চেন্নাইয়ের পিচে টসে জিতে কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠায় চেন্নাই। অধিনায়কের সিদ্ধান্ত কতটা সঠিক ছিল প্রমাণিত হল প্রথম বলেই। তুষার দেশপাণ্ডের বলে রানের খাতা না খুলেই ফিরলেন ফিল সল্ট। দ্বিতীয় উইকেটে ৫৬ রান তুললেন সুনীল নারিন ও অঙ্গকৃশ রঘুবংশী জুটি।  পাওয়ার প্লে-তে ঝোড়ো ব্যাটিং করলেন দুজনে। তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল আইপিএলে  আবার বড় রান করার পথে নাইটরা। কিন্তু নাইটদের বড় রানের আশায় জল ঢেলে দিলেন চেন্নাইয়ের অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজা। তার সঙ্গে পাল্লা দিয়ে ভাল বল করলেন মুস্তাফিজুর রহমানও। বাঁ-হাতি পেসার-স্পিনার জুটি চাপ তৈরি করতে থাকে নাইটদের ব্যাটারদের উপর। সপ্তম ওভারে রঘুবংশীকে ফিরিয়ে নাইট শিবিরে ধাক্কা দেন জাদেজা। ১৮ বলে ২৪ রান করে আউট হন তরুণ ব্যাটার। ওই ওভারের পঞ্চম বলে আবার জাদেজার জাদু। ২০ বলে ২৭ রান করা সুনীল নারিনকে আউট করেন তিনি। এক ওভারে জোড়া উইকেট হারানোর ধাক্কা সামাল দিতে পারেনি নাইট শিবির। চার নম্বরে নেমে কিছুটা পিচ আগলে রেখে লড়াই করলেন শ্রেয়স আয়ার। ৩২ বলে ৩৪ রান করলেন নাইট অধিনায়ক। নাইটদের লোয়ার অর্ডার সম্পূর্ণ ব্যর্থ। চেন্নাইয়ের হয়ে ৩ টি করে উইকেট নিলেন তুষার দেশপাণ্ডে ও রবীন্দ্র জাদেজা। ২ টি উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ১ টি উইকেট নিলেন মাহিশা থিকশানা।

আরও পড়ুন: লখনউ জিতল, অনবদ্য যশ ঠাকুর

১৩৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকে দ্রুত রান তুলতে থাকে চেন্নাই। রচিন রবীন্দ্র শুরুটা ভাল করেও বড় রান পাননি। ৮ বলে ১৫ রান করে ফেরেন কিউয়ি অলরাউন্ডার। তৃতীয় উইকেটে ৭০ রান তোলেন রুতুরাজ গায়কোয়াড ও ড্যারিল মিচেল জুটি। ১৯ বলে ২৫ রান করে আউট হন মিচেল। চার নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং করেন শিবম দুবে। ১৮ বলে ২৮ রানের ইনিংস শিবম সাজালেন তিনটি ছয় ও একটি চার দিয়ে। সপ্তদশ ওভারে বৈভব অরোরার বলে শিবম যখন ফিরলেন তখন জয়ের গন্ধ পেয়ে গিয়েছে চেন্নাই। দলকে দায়িত্ব নিয়ে জয়ের পথে নিয়ে গেলেন রুতুরাজ গায়কোয়াড। শেষ পর্যন্ত ৫৮ বল খেলে ৬৮ রানে অপরাজিত থাকলেন চেন্নাই অধিনায়ক। অন্যপ্রান্তে ১ রানে অপরাজিত থাকলেন মহেন্দ্র সিং ধোনি। নাইটদের এদিনের সফলতম বোলার বৈভব অরোরা। ২৮ রান দিয়ে ২ উইকেট নিলেন তিনি। নারিন ১ উইকেট ছাড়া আর কোনও বোলারই চেন্নাইয়ের ব্যাটারদের উপর চাপ তৈরি করতে পারলেন না।

 

এই ম্যাচে জিতলে আইপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যেত কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে যাওয়ায় সেই সুযোগ হাতছাড়া হল। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল কলকাতা। সমসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রাজস্থান রয়্যালস।

About Post Author