Home » Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ড কি পূর্ব পরিকল্পিত? রাজনৈতিক উদ্দ্যেশ্য প্রণোদিত? বিজেপি নেতার বিস্ফোরক ভিডিওতে তৈরি হয়েছে নতুন বিতর্ক

Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ড কি পূর্ব পরিকল্পিত? রাজনৈতিক উদ্দ্যেশ্য প্রণোদিত? বিজেপি নেতার বিস্ফোরক ভিডিওতে তৈরি হয়েছে নতুন বিতর্ক

সময় কলকাতা ডেস্ক, সময় কলকাতা, ৪ মে: নতুন বছরের শুরুর দিন থেকে খবরের শিরোনামে ‘সন্দেশখালি’। উত্তর ২৪ পরগনার দ্বীপাঞ্চল বলে পরিচিত এই জায়গাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। জাতীয় রাজনীতিতেও এখন পরিচিত নাম সন্দেশখালি। গত কয়েক মাসে এই অঞ্চল থেকে এমন সব অভিযোগ সামনে এসেছে, যা নাড়িয়ে দিয়েছে নাগরিক সমাজকে। সন্দেশখালিকাণ্ড-কে হাতিয়ার করে লোকসভা নির্বাচনে প্রচারে নেমেছে বিরোধীরা। ইতিমধ্যে হাইকোর্টে রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিবিআই। সেই সন্দেশখালিকাণ্ডে নতুন মোড়। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে এক বিজেপি নেতা দাবি করছেন ধর্ষণের কোনও ঘটনাই ঘটেনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে সব হয়েছে বলেও দাবি করতে শোনা গিয়েছে পদ্মশিবিরের সেই নেতাকে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা।

ভিডিওতে যে বিজেপি নেতাকে দেখা গিয়েছে তিনি সন্দেশখালি ২ মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল। তার সঙ্গে দেখা গিয়েছে সন্দেশখালি ১ নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি শান্তি দলুইকেও। ভিডিওতে দেখা গিয়েছে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির সঙ্গে হাল্কা মেজাজে কথা বলছেন গঙ্গাধর। আলোচনার বিষয় সন্দেশখালিকাণ্ড। কী বলেছেন তিনি? তিনি বলছেন, “সন্দেশখালিকাণ্ড হওয়ার পর আন্দোলন এত দিন জিইয়ে রয়েছে কেন? তিনটে ছেলে পুরো বিষয়টিকে পরিচালনা করছে। আমাদের উপরে আস্থা আছে শুভেন্দু অধিকারীর। তিনি এক বার ঘুরে গিয়েছেন। আর তাতেই আন্দোলন এখনও দাঁড়িয়ে রয়েছে।” বিরোধী দলনেতা মোবাইল ও টাকা দিয়ে আন্দোলনে সাহায্য করছেন বলেও সেই বিজেপি নেতার দাবি। প্রশ্নকর্তাকে জিজ্ঞেস করতে শোনা গিয়েছে, “কীভাবে আপনি ওদের ব্রেনওয়াশ করলেন?” তার উত্তরে গঙ্গাধর বলছেন, “শুভেন্দুদার নির্দেশে মেনেই আমরা এই কাজ করেছি। উনি সাহায্য করেছেন। শুভেন্দুদা বলেছেন, এটা না করলে, তাবড় তাবড় লোকদের গ্রেফতার করানো যাবে না। আমরাও ওখানে দাঁড়াতে পারব না।” এখানেই শেষ নয়। কীভাবে অসত্য ধর্ষণের অভিযোগ লেখাতে  রাজি হলেন মহিলারা? এর উত্তরে গঙ্গাধর বলেন, ‘‘আমাদের কথা মহিলারা শুনেছে। কেউ এই কাজে না করেনি। ওদের জানিয়েছিলাম, আন্দোলন সফল করতে আপনারা অভিযোগ লেখাতে হবে। রেখা প্রথমে অভিযোগ দায়ের করার পরে তাঁকে দেখে বাকিরাও সাহস পান।”

আরও পড়ুন: কুর্সির লড়াই : মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, জিতবে কে – সেলিম নাকি আবু তাহের খান ?

ভিডিওটি নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। এই ভিডিওকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। কারণ, লোকসভা ভোটের আগে সন্দেশখালিকাণ্ড নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছিল রাজ্যের শাসকদলকে। সন্দেশখালির ঘটনাকে ‘সাজানো এবং উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করছেন তা‌রা। যদিও শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিনি ভিডিওটি দেখেননি। খোঁজ নিয়ে এবিষয়ে মুখ খুলবেন।

About Post Author