Home » Paris Olympics 2024 : পেনাল্টি নষ্টের পরও জয় দিয়েই অলিম্পিক্স শুরু ইউরোজয়ী স্পেনের

Paris Olympics 2024 : পেনাল্টি নষ্টের পরও জয় দিয়েই অলিম্পিক্স শুরু ইউরোজয়ী স্পেনের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ জুলাইঃ রাত পোহালেই শুরু হবে প্যারিস অলিম্পিক্স ২০২৪। শুক্রবার অর্থাৎ ২৬ জুলাই গেমসের উদ্বোধন। তবে ইতিমধ্যে বেশ কিছু খেলা শুরু হয়ে গিয়েছে। তারমধ্যে রয়েছে ফুটবলও। বুধবার কোপাজয়ী আর্জেন্টিনা ও ইউরো জয়ী স্পেন দুটি ভিন্ন ম্যাচে মাঠে নামে। নাটকীয় ম্যাচে আর্জেন্টিনা হেরে গেলেও, জয় দিয়েই অলিম্পিক্সে সোনার দৌড় শুরু করল স্পেন। তারা ২-১ গোলে হারিয়ে দিল উজবেকিস্তানকে । পেনাল্টি নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জিতেই মাঠ ছাড়তে পারত লা রোজারা।

ইউরো জয়ী দলের দুই সদস্য রয়েছে স্পেনের অলিম্পিক্স দলে।  বাকি দলটা তৈরি হয়েছে মূলত যুব ফুটবলারদের নিয়েই। দলে রয়েছেন তিনজন সিনিয়র ফুটবলার। যদিও বুধবার উজবেকিস্তানের বিরুদ্ধে পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল স্যান্টিয়াগো স্যাঞ্চেজের ছেলেরা। গোটা ম্যাচে ৫৮ শতাংশ বলের দখল রেখেছিলেন তাঁরা। ২৮ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন মার্ক পুবিল। অ্যাবেল রুইয়ের থেকে বল পেয়ে বক্সের মধ্যে ৬ গজ দূর থেকে শট নেন তিনি। বল জড়িয়ে যায় জালে। প্রথমার্ধের সংযুক্তি সময় সেই গোল শোধ করে উজবেকিস্তান। বক্সের মধ্যে এক উজবেক ফুটবলারকে ফাউল করেন পাউ কুবার্সি। পেনাল্টি পায় উজবেকিস্তান। গোল করতে ভুল করেননি এল্ডর শোমুরদভ।  

আরও পড়ুনঃ Paris Olympics 2024 : যতকাণ্ড প্যারিসে, দু’ঘন্টা খেলা বন্ধের পর হার কোপাজয়ীদের

দ্বিতীয়ার্ধে দুই দল গোল পাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। ৫৬ মিনিটে পুবিলের শট রুখে দেন উজবেক গোলরক্ষক। পরের মিনিটেই পেনাল্টি পায় স্পেন। কিন্তু সের্জিও গোমেসের বাঁ পায়ের শট বাঁচিয়ে দেন উজবেক গোলরক্ষক।  যদিও পেনাল্টি নষ্টের তিন মিনিটের মধ্যে গোল করেন গোমেজ। পেনাল্টি বক্সের কাছ থেকেই বাঁ পায়ের শটে গোল করেন। সেই গোল শোধ করতে পারেনি উজবেক ফুটবলাররা। ১৯৯২ সালে শেষবার অলিম্পিক্সে সোনা পেয়েছিল স্পেন। এবার সোনা জেতার লক্ষ্য নিয়েই প্যারিসে এসেছে তাঁরা। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে আগামী ২৭ জুলাই ডমিনিকান রিপাব্লিকের মুখোমুখি হবে লা রোজা ব্রিগেড।

About Post Author