Home » ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএসফ-এর এক জওয়ানকে গ্রেফতার করল পাকিস্তান রেঞ্জার্স

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএসফ-এর এক জওয়ানকে গ্রেফতার করল পাকিস্তান রেঞ্জার্স

সময় কলকাতা ডেস্ক:- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএসফ-এর এক জওয়ানকে গ্রেফতার করল পাকিস্তান রেঞ্জার্স। মঙ্গলবার পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। এরইমধ্যে ভারতীয় জওয়ানকে পাকিস্তানি রেঞ্জার্সের আটক করায় শুরু হল ব্যাপক শোরগোল। ইতিমধ্যেই, পহেলগাঁওয়ে হামলার প্রতিক্রিয়া স্বরূপ সিন্ধু জল চুক্তি রদ করা সহ পাকিস্তানের বিরুদ্ধে আরও পাঁচটি কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত।

বৃহস্পতিবার, পিটিআই-এর তরফে জানানো হয়েছে, পাঞ্জাবের ফিরোজপুরে মোতায়েন ছিলেন ওই ভারতীয় জওয়ান। বুধবার বিকেলে না বুঝে তিনি পাকিস্তানের সীমান্তে ঢুকে পড়েন। এরপরই পাকিস্তানি রেঞ্জার্স তাকে হেফাজতে নেয়। ভারতীয় এই জওয়ানের নাম পূর্ণকুমার সাউ। তার মুক্তির জন্য ভারত পাকিস্তানের মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে বলেও খবর পাওয়া গেছে।

জানা গেছে, আটকের সময় পূর্ণকুমার সাউ সামরিক পোশাকে ছিলেন। তার কাছে সার্ভিস রাইফেলও ছিল। তিনি বিএসএফ-এর ১৮২ তম ব্যাটেলিয়নের এক কনস্টেবল।

বলাবাহুল্য, এই ধরনের ঘটনা অস্বাভাবিক কিছু নয়। এরকম ঘটলে দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং-এর পর তাদের দেশে ফিরিয়ে আনা হয়। তবে এখনও পূর্ণকুমার সাউকে দেশে ফেরত পাঠানো হয়নি। তবে পহেলগাঁও ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তাতে এই স্বাভাবিক ঘটনাও অস্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে সীমান্তবর্তী এলাকায়।

About Post Author