Home » ‘মুসলিমদের জন্য বাতিল, হিন্দুদের জন্য নয়’, ভিসা বাতিলের সিদ্ধান্তে ছাড় পাকিস্তানি হিন্দুদের

‘মুসলিমদের জন্য বাতিল, হিন্দুদের জন্য নয়’, ভিসা বাতিলের সিদ্ধান্তে ছাড় পাকিস্তানি হিন্দুদের

সরয় কলকাতা ডেস্ক- যেসব পাকিস্তানি হিন্দুরা দীর্ঘমেয়াদি ভিসায় ভারতে রয়েছেন তাঁদের ভিসা বাতিল হবে না। স্পষ্ট করে দিল নয়াদিল্লি। বৃহস্পতিবার নয়া দিল্লির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, পাকিস্তানি হিন্দুরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না। পাক হিন্দুদের জন্য যে দীর্ঘমেয়াদি ভিসা ভারত ইস্যু করে, সেটা আগামী দিনেও চলবে। অর্থাৎ হিন্দুদের জন্য ভারতের দরজা খোলা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত শেষ। নয়াদিল্লির তরফে হামলার পরদিনই ঘোষণা করা হয়েছে, পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত।

ভারতের পক্ষ থেকে ওয়াঘা-আট্টারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এমনকী, পাকিস্তানিদের ভারতে প্রবেশও নিষিদ্ধ ঘোষণা করে ভারত। পাকিস্তানে অবস্থিত ভারতীয় ডেপুটি হাই কমিশনারকেও দেশে ফেরানোর সিদ্ধান্ত জানানো হয়। ভারতে বর্তমানে যেসমস্ত পাকিস্তানিরা রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে ঘোষণা করে দেওয়া হয়, আগামী দিনে আর কোনও পাক নাগরিক ভারতের ভিসা পাবে না। এমনকী সার্ক দেশভুক্ত দেশগুলিকে যে বিশেষ ‘এসভিইএস’ ভিসা দেওয়া হয় সেটাও বাতিল করা হবে।

কিন্তু বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হল, পাকিস্তানি হিন্দুরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না। পাক হিন্দুদের জন্য যে দীর্ঘমেয়াদি ভিসা ভারত ইস্যু করে, সেটা আগামী দিনেও চলবে। অর্থাৎ হিন্দুদের জন্য ভারতের দরজা খোলা। ঘটনাচক্রে, নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক করার পর পাল্টা পাকিস্তানও ভারতের বিরুদ্ধে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা করেছে। ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করা হয়। সিমলা চুক্তি-সহ অন্যান্য বাণিজ্যিক চুক্তিও বাতিল করা হয়।

ভারতীয় বিমানগুলিকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের অনুমতিও রদ করে পাকিস্তান। সেই সঙ্গে ভারতীয়দের পাকিস্তানে যাওয়ার সমস্ত ভিসা বাতিল করা হয়। তবে শিখ পুণ্যার্থীদের জন্য বিশেষ ছাড় দেবে পাক প্রশাসন।

তাৎপর্যপূর্ণভাবে পাকিস্তান হিন্দুদের জন্য ভিসা বাতিল করলেও শিখ পুণ্যার্থীদের জন্য ভিসায় ছাড় দিয়েছে। তারপরই নয়াদিল্লি জানাল, ভারতও হিন্দুদের দীর্ঘমেয়াদি ভিসায় ছাড় দেবে। এদিকে পাক নাগরিকদের মধ্যে যারা মেডিক্যাল ভিসায় এ দেশে রয়েছেন, তাঁদের দেশ ছাড়ার ডেডলাইনও ঠিক করে দিয়েছে নয়াদিল্লি। আগামী ২৯ এপ্রিলের মধ্যে দেশ ছাড়তে হবে তাঁদেরও।

About Post Author