Home » আর নাগরিকত্ব প্রমাণে বৈধ নয় আধার-প্যান-রেশন কার্ড! পহেলগাঁও আবহে নয়া নির্দেশিকা কেন্দ্রের

আর নাগরিকত্ব প্রমাণে বৈধ নয় আধার-প্যান-রেশন কার্ড! পহেলগাঁও আবহে নয়া নির্দেশিকা কেন্দ্রের

সময় কলকাতা ডেস্ক:- নাগরিকত্ব প্রমাণের জন্য আর বৈধ নয় আধার, প্যান এবং রেশন কার্ড। পহেলগাঁও-এ জঙ্গি হানার আবহে এমনই নির্দেশ দিল কেন্দ্র। এই সংক্রান্ত নির্দেশিকা পাওয়ার পর নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ। তারা স্পষ্ট জানিয়েছে, বেআইনিভাবে বসবাসকারী ‘সন্দেহভাজন’ বিদেশি নাগরিকদের নাগরিকত্ব প্রমাণের জন্য রাজধানীতে আর বৈধ নয় আধার, প্যান এবং রেশন কার্ড। পরিবর্তে এখন থেকে কেবল ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টকেই গণ্য করা হবে।

উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর সব পাকিস্তানি নাগরিককে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত। বাতিল করা হয়েছে ভিসাও। শুধু তাই নয়, পাকিস্তানকে প্রত্যাঘাত করতে একাধিক কূটনৈতিক পদক্ষেপ করেছে মোদি সরকার।

মোদি সরকারের এই নয়া নির্দেশিকার পর দিল্লি পুলিশ সব জেলার ডিসিপিদের তাঁদের এলাকায় ‘সন্দেহজনক’ ব্যক্তিদের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। গত কয়েকদিনে দিল্লিতে বেআইনিভাবে বসবাসকারী প্রায় ৩ হাজার ৫০০ জন পাকিস্তানি নাগরিককের খোঁজ পাওয়া গিয়েছিল। তাঁদের মধ্যে অনেকেই আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। বেশকিছু জনকে আটকও করেছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক অতীতে রাজধানীতে বেআইনিভাবে বসবাসকারী বিপুল সংখ্যক বিদেশি নাগরিকদের কাছে রয়েছে, আধার, প্যান এবং রেশন কার্ড। এই নথিগুলির সাহায্যে তাঁরা নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করছে। এঁদের বেশিরভাগই রোহিঙ্গা, বাংলাদেশি এবং পাকিস্তানি। ফলে তাঁদের চিহ্নিতকরণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।”

About Post Author