Home » দেশের কোষাগার ফাঁকা, ধার চেয়ে ‘মুখ পোড়াল’ পাকিস্তান

দেশের কোষাগার ফাঁকা, ধার চেয়ে ‘মুখ পোড়াল’ পাকিস্তান

সময় কলকাতা ডেস্ক:- ভারত-পাক উত্তেজক পরিস্থিতিতে পাকিস্তান সরকারের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নাটকীয় পোস্ট। বৃহস্পতিবার রাতে বিশ্বের দরবারে অর্থসাহায্য চেয়ে পাকিস্তানের অর্থ মন্ত্রকের এক্স হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়। সেই পোস্টে বন্ধু দেশগুলির কাছে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করেছে ইসলামাবাদ। যদিও পরে পাকিস্তানের দাবি তাদের এক্স হ্যান্ডল হ্যাক করা হয়েছে।

জানা গিয়েছে, যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে আইএমএফ-এর কাছেও লোনের জন্য দ্বারস্থ হতে চলেছে পাকিস্তান। ফাঁকা পকেটে ভারতের সামনে তারা যে দাঁড়াতেই পারছে না তা তাদের পোস্টেই স্পষ্ট বলে দাবি বিশেষজ্ঞদের।

৭ ও ৮ মে রাত এবং ৮ মে সন্ধ্যের পর ইসলামাবাদের ভারতের উপর হামলা চালানোর প্রতিটা প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। সূত্রের দাবি, পকেটের সঙ্গে সঙ্গে অস্ত্রের ভাণ্ডারও শূন্য পড়শি দেশের। তাই এখন বিশ্বের কাছে হাত পাতা ছাড়া গতি নেই। একইসঙ্গে সংবাদ সংস্থা সূত্রে দাবি, ইসলামাবাদ আইএমএফ-এর কাছে নতুন করে ফান্ডের আর্জি জানালে চুপ করে থাকবে না নয়াদিল্লিও। নতুন করে কোনও তহবিল যাতে না পায় পাকিস্তান, তার জন্য এ যাবৎকালে পড়শির সমস্ত বেয়াদবিরই প্রমাণ দেবে ভারত বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে লাগাতার ভারতীয় আকাশ সীমায় ঢুকে হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান। ভারতীয় সেনা জানিয়েছে, সন্ধ্যেয় জম্মু-কাশ্মীর সেক্টরে একাধিক জায়গায় ৫০ টিরও বেশি পাক সোয়ার্ম ড্রোন হামলা চালানোর চেষ্টা করে। প্রত্যেকটি হামলাই ব্যর্থ করে ভারতীয় এয়ার ডিফেন্স।

শুধু তাই নয়, যুদ্ধ বিমানের মাধ্যমেও হামলার ছক কষেছিল ইসলামাবাদ। তাও ব্যর্থ হয়ে যায় ভারতীয় সেনার তৎপরতায়। উল্টে পাক যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে ভারত। সূত্রের খবর, এক পাক যুদ্ধ বিমান পাইলটও ভারতের হাতে গ্রেপ্তার। এই সব কাণ্ডের মাঝে পাক হ্যান্ডলে এই পোস্ট। নেটিজেনদের দাবি, দু’দিনেই পকেট ফাঁকা পাকিস্তানের।

About Post Author