সময় কলকাতা ডেস্ক:- ভারত-পাক সংঘর্ষের আবহে থমকে গেল বাইশ গজের খেলা। বিসিসিআই সূত্রে খবর, আপাতত স্থগিত আইপিএল। বৃহস্পতিবার জম্মুতে পাক ড্রোন হামলার কারণে ধর্মশালায় পরিত্যক্ত হয়ে যায় পাঞ্জাব ও দিল্লির ম্যাচ। এরপরই দেশের বর্তমান পরিস্থিতিতে সংশয় তৈরি হচ্ছিল অষ্টাদশ আইপিএল-এর ভবিষ্যৎ নিয়ে। শুক্রবার সকালে বোর্ড সূত্রে খবর, আপাতত স্থগিত এই লিগ। বাকি ম্যাচ নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
উত্তেজক পরিস্থিতিতে দেশে ফিরতে চাইছেন বেশ কয়েকজন বিদেশি প্লেয়ার। সংঘাতের কারণে বন্ধ দেশের উত্তরের একাধিক এয়ারপোর্টও। ফলে খেলোয়াড়দের ফেরার ক্ষেত্রেও অসুবিধা তৈরি হয়েছে। তাদের নিরাপদে ফেরাতে ব্যবস্থা করবে বোর্ড।
এখনও আইপিএল-এ লিগ পর্বে বাকি ছিল ১২ টি ম্যাচ। তার পর শুরু হতো প্লে-অফের খেলা। ধর্মশালায় ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরই সংশয় তৈরি হয়েছিল আইপিএল খেলা আর হবে কি না সেই নিয়ে। এদিন সকালেই বৈঠকের পর সিদ্ধান্ত নেয় বিসিসিআই। উল্লেখ্য, করোনা আবহেও বন্ধ হয়নি আইপিএল। আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এ বার অন্য জায়গায় লিগ সরিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আপাতত নেই বলেই খবর।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে