Home » ট্রাম্পের কাশ্মীর মন্তব্য ও চাপের মুখে সংঘর্ষবিরতি? আমেরিকাকে কড়া জবাব বিদেশমন্ত্রকের

ট্রাম্পের কাশ্মীর মন্তব্য ও চাপের মুখে সংঘর্ষবিরতি? আমেরিকাকে কড়া জবাব বিদেশমন্ত্রকের

মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলন করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। স্বাভাবিকভাবেই সাংবাদিকরা প্রশ্ন তোলেন, মার্কিন প্রেসিডেন্টের চাপের কাছেই কি মাথা নুইয়েছে ভারত? সমস্ত প্রশ্নের সপাট জবাব দিল বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জানালেন, সংঘর্ষবিরতির সঙ্গে ব্যবসার কোনও সম্পর্ক নেই। তবে মার্কিন বিদেশসচিব জেডি ভান্সের সঙ্গে কথা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু কোনও আলোচনায় ব্যবসার কথা উঠে আসেনি।

গত শনিবারও ট্রাম্পের দাবি ছিল তিনিই যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছেন। বলেছিলেন, গোটা রাত দীর্ঘ আলোচনার পর দুই দেশই এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সঠিক সময়ে বাস্তবজ্ঞান কাজে লাগানোয় দুপক্ষকে শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট। তারপর সোমবার তাঁর দাবি, পরমাণু শক্তিধর দুই দেশকে চাপ দিয়ে সংঘর্ষবিরতি করিয়েছেন। যুদ্ধ না থামালে বাণিজ্যেও না, হুঁশিয়ারি দিয়েছিলেন। তাতেই কাজ হয়েছে। ট্রাম্প স্পষ্ট বলেন, তিনিই ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন।

যদিও ভারতের তরফে আমেরিকার মধ্যস্থতা নিয়ে কিছুই বলা হয়নি। তারপরেই প্রশ্ন তোলে বিরোধীরা। প্রশ্ন ওঠে, সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের লাগাতার দাবির পাল্টা কেন কিছু বলছে না ভারত? মোদির দীর্ঘ ভাষণের পর এটাই কংগ্রেসের প্রশ্ন। কংগ্রেসের অভিযোগ, ট্রাম্পের দাবি নিয়ে প্রধানমন্ত্রী কেন কিছু বলছেন না? এরপর মঙ্গলবার বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিল, সংঘর্ষবিরতির সঙ্গে ব্যবসার কোনও সম্পর্ক নেই। কোনও আলোচনায় ব্যবসার কথা উঠে আসেনি।

পাশাপাশি, কাশ্মীর নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল সরকার। জানিয়ে দিল, কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু ছিল, আছে এবং থাকবে।

সংঘর্ষ বিরতিতে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার দাবির পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেছিলেন, কয়েক দশক ধরে চলা কাশ্মীর সমস্যা মেটাতেও তিনি আগ্রহী।

তবে সূত্রের খবর, প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন, পাক অধিকৃত কাশ্মীর ফেরানোই লক্ষ্য। তৃতীয় কোনও পক্ষের মধ্যস্থতা মানা হবে না। পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে একমাত্র সন্ত্রাসবাদ নির্মূল ইস্যুতেই। মঙ্গলবার ফের সেই কথাই জানিয়ে দিল নয়া দিল্লি।

About Post Author