Home » বিশ্বভ্রমণে রওনা সর্বদল প্রতিনিধিদের। কবে, কোথায় থাকছে কোন টিম?

বিশ্বভ্রমণে রওনা সর্বদল প্রতিনিধিদের। কবে, কোথায় থাকছে কোন টিম?

সময় কলকাতা ডেস্ক:- বিশ্বের দরবারে পাকিস্তানের আসল রূপ তুলে ধরতে এবং অপারেশন সিঁদুর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে দরবার করতে চলল ভারত। বুধবার থেকেই সেকাজ শুরু হল। সর্বদল সংসদীয় প্রতিনিধিরা বিশ্বের নানান প্রান্তে গিয়ে ভারত-বিরোধী জঙ্গি মদত দেওয়া নিয়ে পাকিস্তানের মুখোশ খুলে দেবেন। এই প্রতিনিধি দলে রয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিভিন্ন রাজনৈতিক দলের প্রাক্তন মন্ত্রী এবং কূটনীতিক-সহ ৫৯ জন সাংসদ নিয়ে তৈরি সাতটি প্রতিনিধি দল যাবে ৩৩ টি দেশে।

প্রতিনিধিদল রওনা দেওয়ার আগে বিদেশ সচিব বিক্রম মিশ্রি সদস্যদের ভারতের দৃষ্টিভঙ্গি ও বক্তব্য বুঝিয়ে দিয়েছেন। আসলে অপারেশন সিঁদুর কিংবা পহেলগাম কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই প্রথম নন, যিনি সর্বদলীয় প্রতিনিধিদল পাঠাচ্ছেন পাকিস্তানি চক্রান্তের কথা তুলে ধরতে। ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও একটি প্রতিনিধিদল পাঠিয়েছিলেন। যার নেতৃত্বে ছিলেন সেই সময়ের বিরোধী দলনেতা অটলবিহারী বাজপেয়ী।

বাজপেয়ীর নেতৃত্বাধীন দল জেনেভাস্থিত রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনে পাকিস্তানের ঘোরতর বিরোধিতা করেছিলেন। বাজপেয়ীর সঙ্গে গিয়েছিলেন প্রাক্তন জম্মু-কাশ্মীরের প্রধানমন্ত্রী ফারুক আবদুল্লা এবং সলমন খুরশিদকে। পাকিস্তান সেবার রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনে ভারতের বিরুদ্ধে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের একটি প্রস্তাব এনেছিল। কিন্তু বাজপেয়ীর নেতৃত্বাধীন বাহিনীর যুক্তির চাপে পাকিস্তানের সেই প্রস্তাব খারিজ হয়ে যায়। ২০০৮ সালেও মুম্বই হানা সহ একাধিক পাকিস্তানি জঙ্গিদের হামলার কথা তুলে ধরতে মনমোহন সিং প্রতিনিধিদল পাঠিয়েছিলেন সব দেশে।

এফএটিএফে ভারতের পূর্ণ তথ্যপ্রমাণের ভিত্তিতে পাকিস্তানকে গ্রে লিস্টে তালিকাভুক্ত করা হয়েছিল। তখন ভারত সেনা অভিযান না চালালেও কূটনৈতিক জয় হাসিল করে সহজেই। সেই সাফল্যকে সামনে রেখে এবার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী থাকাকালীন সর্বদলীয় সংসদীয় দলের বিদেশযাত্রা। মঙ্গলবারই ভারতের বিদেশ সচিব সকলকে বলে দিয়েছেন, ভারতের দৃষ্টিভঙ্গি হল, ভারত শান্তি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু, ভারতে কোনও রকমের জঙ্গি হামলা বরদাস্ত করা হবে না। শান্তি স্থাপনের লক্ষ্যে ভারত যে কোনও হামলার মোক্ষম জবাব দেবে।

বুধবারই বেলা ১১টা ৪০ মিনিটে বিমানে জাপানের উদ্দেশে রওনা দেয় সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন দল। জেডিইউ নেতা সঞ্জয় ঝায়ের দল যাবে জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। সঞ্জয় ঝায়ের দলে রয়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা সলমন খুরশিদ, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, জন বার্লা, বিজেপির অপরাজিতা সারঙ্গী, ব্রিজ লাল, বিজেপি সাংসদ প্রধান বড়ুয়া, বিজেপি সাংসদ হেমাঙ্গ জোশী, সিপিএম সাংসদ জন ব্রিটাস, কংগ্রেস নেতা মোহন কুমার। বাকি দলগুলিও এক এক করে রওনা দিচ্ছে।

শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বাধীন দল সংযুক্ত আরব আমিরশাহি ও অন্যান্য দেশে ভারতের বক্তব্য তুলে ধরবে। মানবাধিকারের বিরুদ্ধে পাকিস্তানি মদতে জঙ্গিপনার কথা বোঝাবেন মুসলিম দুনিয়াকে।

অন্যান্য প্রতিনিধিদল কোথায় যাচ্ছে?

ডোনাল্ড ট্রাম্পের দেশে পাকিস্তানের জারিজুরি ফাঁস করার দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুর নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দলের উপর। এই দলে রয়েছেন, লোক জনশক্তি পার্টি-রাম বিলাস শাম্ভবী, জেএমএম সাংসদ সরফরাজ আহমেদ, বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। ২৫ মে থেকে ৩ জুনের মধ্যে এই দল সফর সারবেন মার্কিন যুক্তরাষ্ট্র, গুয়েনা, পানামা, কলম্বিয়া এবং ব্রাজিলে।

কানিমোঝি ও সুপ্রিয়া সুলের দলের গন্তব্য

ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধি নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দল ২২ মে থেকে ৩১ মে-এর মধ্যে যাবে রাশিয়া, স্লোভানিয়া, গ্রিস, লাটভিয়া এবং স্পেনে। এই দলে রয়েছেন বিজেপি সাংসদ ব্রিজেশ চৌতা, আপ সাংসদ অশোক কুমার মিত্তাল, সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রাই।

এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দল যাবে কাতার, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া এবং ইজিপ্ট। এই দলে রয়েছেন অনুরাগ সিংহ ঠাকুর, কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা।

এছাড়াও রয়েছে আরও ৩ প্রতিনিধি দল। বিজেপির বৈজন্তা জয় পান্ডার নেতৃত্বে অন্য একটি প্রতিনিধিদল ২৩ মে থেকে ৩০ মে-এর মধ্যে বাহারিন, কুয়েত, সৌদি আরব এবং আলজেরিয়া সফর করবে। এই দলে রয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, রেখা শর্মা, মিম সাংসদ আসাউদ্দিন ওয়েইসি।

বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দল ২৫ মে থেকে ৫ জুনের মধ্যে যাবে ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, যুক্তরাজ্য, বেলজিয়াম এবং জার্মানি। এই দলের উল্লেখযোগ্য সদস্য রাশিয়ায় প্রাক্তন রাষ্ট্রদূত পঙ্কজ শরণ, বিজেপি সাংসদ দগ্গুবতী পুরন্দেশ্বরী, বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।

ভারতের লক্ষ্য রয়েছে, ১৫ সদস্যের রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের দেশগুলিতে প্রতিনিধিদল পাঠানোর। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়াতে প্রতিনিধিরা যাবেন। কিন্তু এই তালিকা থেকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চিন ও আমন্ত্রিত সদস্য পাকিস্তানকে বাদ রাখা হচ্ছে। আরও প্রতিনিধি দল যাবে আফ্রিকাভুক্ত দেশগুলি ও ইউরোপে।

About Post Author