Home » ‘একটু বেশিই বলে ফেলেছি…’ ট্রাম্পকে নিয়ে হঠাৎ সুর বদল মাস্কের, কী হল?

‘একটু বেশিই বলে ফেলেছি…’ ট্রাম্পকে নিয়ে হঠাৎ সুর বদল মাস্কের, কী হল?

সময় কলকাতা ডেস্ক:- ঝগড়া ভুলে ফের সন্ধির পথে ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্ক? সেরকমই ইঙ্গিত দিলেন বিশ্বের ধনীতম ব্যক্তি। লস অ্যাঞ্জেলসের বিক্ষোভে ট্রাম্প যা পদক্ষেপ নিয়েছিল সেই নিয়ে বিরোধিতার ঝড় উঠলেও মার্কিন প্রেসিডেন্টকে সমর্থন করেছেন মাস্ক। এবার নিজের সোশাল মিডিয়ায় সাফ লিখলেন, ট্রাম্পকে নিয়ে করা কয়েকটা পোস্ট নিয়ে তিনি গভীরভাবে অনুতপ্ত।

উল্লেখ্য, মঙ্গলবার বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি তথা টেসলা কর্তা ইলন মাস্ক এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তিনি যে পোস্টগুলি করেছিলেন, তার কিছু পোস্ট নিয়ে অনুতপ্ত। একটু বেশি দূরই গড়িয়ে গিয়েছে বিষয়টা। প্রথমে প্রশাসনিক পদ ছাড়া, তারপর মার্কিন প্রেসিডেন্টের আনা ‘বিগ বিউটিফুল বিলে’র সমালোচনা করেই বিতর্ক উসকে দিয়েছিলেন এলন মাস্ক। সরাসরি ট্রাম্পের বিরোধিতা করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টও বিষয়টি ভালভাবে নেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা কর্তা এলন মাস্কের দূরত্বের কথা এখন সর্বজনবিদিত। ক্রমেই চড়ছে বিরোধের ঝাঁজ।

দিনকয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মাস্কের সঙ্গে কথা বলার মতো ইচ্ছে নেই তাঁর। এখানেই না থেমে আরও বলেছিলেন, ‘বন্ধু’ মাস্কের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ। ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি মাস্ককে ফোন করা বা কোনওভাবে যোগাযোগ করার কথা ভাবছেন কিনা। তবে ‘ইগো’ সরিয়ে রেখে তিনি নিজে মাস্কের কাছে যাবেন না সেটাও পরিষ্কার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে যদি এই বিলে রিপাবলিকানদের বদলে ডেমোক্রাটদের সমর্থন করেন, তবে তার জন্য এলন মাস্ককে চরম মূল্য চোকাতে হবে। এলন মাস্কের সঙ্গে কথা বলতেও অস্বীকার করেন। অন্যদিকে, এলন মাস্ক আবার বোমা ফাটিয়ে দাবি করেন যে বিতর্কিত এপস্টেইন ফাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে। তার এই দাবি ঘিরে চাঞ্চল্য পড়ে যায়।

পরে যদিও এলন মাস্ক সেই পোস্ট ডিলিট করে দেন। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন এলন মাস্কের প্রকল্পগুলিতে মার্কিন প্রশাসনের অনুদান বন্ধ করার। এসবের মাঝেই এবার সরাসরি ট্রাম্পকে কুকথা বলার জন্য দুঃখপ্রকাশ করলেন টেসলা কর্তা। তারপর থেকেই জোর চর্চা, তাহলে কি এবার ঝগড়া ভুলে আবার বন্ধুত্বে ফিরবেন ট্রাম্প-মাস্ক? তবে এবার কি সেই যুদ্ধের অবসান?

About Post Author