সময় কলকাতা ডেস্ক:- গড়া হলো নয়া ইতিহাস। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে শুভাংশু শুক্লা মহাকাশে পৌঁছলেন। ভারতীয় সময় ১২টা ১ মিনিটে ফ্লোরিডা স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ হয় ড্র্যাগন মহাকাশযানের। ১৯৮৪ সালে লাইভ টেলিকাস্ট দেখার সুযোগ ছিল না। তবে ২০২৫ সালে সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকল গোটা দেশ।
শুভাংশুদের এই মিশনের নাম দেওয়া হয়েছে এক্সিয়াম ৪। মিশনের পাইলটের দায়িত্ব সামলাবেন ভারতের উইং কমান্ডার শুভাংশু নিজে। যদিও এই মিশনের কমান্ডার পেগি হুইটসন। এছাড়াও পোল্যান্ডের উজনানস্কি উইশনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু মিশনের স্পেশালিস্ট হিসেবে রয়েছেন। ১০ থেকে ১৪ দিন মহাকাশে থাকবেন তাঁরা। মোট ৬০টি বিষয় নিয়ে তাঁরা পরীক্ষা করবেন।
সফল উৎক্ষেপণের পরেই ড্রাগন মহাকাশযানের ভেতরে বসেই দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দেন শুভাংশু। তিনি বলেন, ‘নমস্কার, আমার প্রিয় দেশবাসী! কী অসাধারণ এক যাত্রা! ৪১ বছর পর আমরা আবারও মহাকাশে এলাম। আমরা প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার বেগে পৃথিবীর কক্ষপথ ছেড়ে বের হচ্ছি। আমার কাঁধে তিরঙ্গা পতাকা রয়েছে। সেটাই আমাকে বলে দিচ্ছে আমি আপনাদের সকলের সঙ্গে আছি। আমার এই যাত্রা শুধু আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ যাত্রা নয়, বরং ভারতের মহাকাশ গবেষণার নতুন অধ্যায়। আমি চাই আপনারা সকলেই এই যাত্রার অংশীদার হোন। আপনাদেরও বুকও গর্বে ফুলে উঠুক… আসুন ভারতের মানব মহাকাশ কর্মসূচি শুরু করি। জয় হিন্দ! জয় ভারত!’
অন্যদিকে, উৎক্ষেপণ সফল হতেই আনন্দে চোখে জল শুভাংশু শুক্লার বাবা-মায়ের। ছেলের ইতিহাস গড়ার আনন্দে হাততালিতে উচ্ছ্বাস বাবার। চোখের জল চেপে হাওয়ায় চুমু ছুড়ে দিলেন মা। আবেগ, আনন্দ, উৎকণ্ঠা আজ মিলেমিশে একাকার শুক্লা পরিবারে।
মহাকাশে পাড়ির ঠিক আগে একটি লম্বা নোট লিখেছেন নভোচর শুভাংশু শুক্লা। তাতে জীবনসঙ্গীর উদ্দেশেও দিয়েছেন বিশেষ বার্তা।
তিনি লিখেছেন, ‘এই মিশনে যাঁরা যুক্ত আছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। যাঁরা বাড়িতে বসে আমাদের জন্য প্রার্থনা করছেন তাঁদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই। তবে বিশেষ ভাবে ধন্যবাদ জানাব আমার স্ত্রী কামনাকে। এত ভালো জীবনসঙ্গী হওয়ার জন্য। তুমি না থাকলে কোনও কিছুই সম্ভব হতো না। সব থেকে বড় কথা কোনও কিছুর এতটা গুরুত্ব থাকত না।’
গ্রুপ ক্যাপ্টেন থেকে শুভাংশু শুক্লার মহাকাশের জার্নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্ত্রীর, তা মানছেন শুভাংশুর মা আশা শুক্লাও। তিনি জানিয়েছেন, কামনার সমর্থন ছাড়া জীবনে এতটা এগিয়ে যাওয়া সম্ভব হতো না। এর জন্য পুত্রবধূকে ধন্যবাদ জানিয়েছেন গর্বিত শাশুড়ি।
১৯৮৪ সালে ইসরো এবং রাশিয়ার মহাকাশ গবেষণার অংশ হিসেবে মহাকাশ যাত্রা করেছিলেন রাকেশ শর্মা। তিনিই প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি সফল মহাকাশযাত্রা করেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে ৪১ বছর পর শুভাংশু শুক্লা মহাকাশ যাত্রা করলেন।
‘পিকচার পারফেক্ট লঞ্চ’ হয় ড্রাগনের। যাত্রার আধঘণ্টা আগে আবহাওয়া সংক্রান্ত ডেটা আপলোডিংয়ের সমস্যা দেখা দিয়েছিল। কয়েক মিনিটের মধ্যেই সেই যান্ত্রিক সমস্যা মিটে যায়। এর পরেই শুরু হয় কাউন্ট ডাউন। আন্তর্জাতিক স্পেস সেন্টারের দিকে পাড়ি দেয় ড্র্যাগন।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?