সময় কলকাতা ডেস্ক:- ভিন রাজ্যে কাজ করতে গিয়ে শুধুমাত্র বাংলায় কথা বলার ‘অপরাধে’ বাংলাদেশি তকমা! ওড়িশায় কর্মরত পশ্চিমবঙ্গের বহু শ্রমিককে বেআইনি ভাবে আটকে রেখে, তাঁদের ‘অনুপ্রবেশকারী’ তকমা দেওয়া হচ্ছে, বিস্ফোরক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে ফের জনস্বার্থ মামলা।
জানা গিয়েছে, সোমবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে হয় এই মামলার প্রাথমিক শুনানি। আবেদনকারীর অভিযোগ, ওড়িশার একাধিক শিল্পাঞ্চলে কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের শ্রমিকদের শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য সন্দেহভাজন করে তোলা হচ্ছে। অভিযোগ, তাঁদের অনেককেই কাজের জায়গা থেকে বেআইনিভাবে আটক করছে স্থানীয় প্রশাসন বা পুলিশ। কোথাও কোথাও তাঁদের বিরুদ্ধে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে কাগজপত্র চাওয়া হচ্ছে। ফলে বহু শ্রমিকের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। কাজ হারানোর পাশাপাশি তাঁদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।
হাইকোর্টে দায়ের হওয়া আবেদনে জানানো হয়েছে, এই ধরনের আচরণ সংবিধান বিরোধী এবং সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘনের সামিল। আদালত জানিয়েছে, দিল্লিতে ছয় জন বাঙালিকে বাংলাদেশে ফেরত পাঠানোর যে মামলা চলছে, এই মামলাটিও তার সঙ্গে সংযুক্ত করা হবে। পরবর্তী শুনানি আগামী বুধবার, দুপুর ২টোর সময় ধার্য হয়েছে।
এই মামলার সূত্র ধরেই ফের সামনে এল বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে নিরাপত্তাহীনতার ইস্যু। বহু শ্রমিক সংগঠন ও মানবাধিকার কর্মী ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিচারপতির পর্যবেক্ষণ এবং আগামী বুধবারের শুনানির দিকে এখন নজর রাজ্য-রাজনীতির পাশাপাশি মানবাধিকার কর্মীদেরও। আদালতের হস্তক্ষেপে আদৌ বাংলার শ্রমিকদের সুরাহা হবে কি না, সেই দিকেই তাকিয়ে সবাই।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি