Home » বিভাগের অধ্যাপক-এর হাতে যৌন নিগ্রহের অভিযোগ তুলে কলেজ ক্যাম্পাসে গায়ে আগুন দিয়ে নিহত ছাত্রী

বিভাগের অধ্যাপক-এর হাতে যৌন নিগ্রহের অভিযোগ তুলে কলেজ ক্যাম্পাসে গায়ে আগুন দিয়ে নিহত ছাত্রী

সময় কলকাতা ডেস্ক:- বিভাগের অধ্যাপক-এর হাতে যৌন নিগ্রহের অভিযোগ তুলে কলেজ ক্যাম্পাসে গায়ে আগুন দিয়েছিল এক ছাত্রী। সোমবার ভুবনেশ্বরের সেই ছাত্রীর মৃত্যু হল। এরপরই গোটা ওড়িশা জুড়ে তুমুল আলোড়ন পড়ে যায়। মৃতার অভিযোগ ছিল সে একাধিকবার কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা হয়নি। উল্টে যৌন নিগ্রহের প্রতিরোধে কলেজের অভ্যন্তরীণ কমিটি সেই অধ্যাপককে ক্লিনচিট দিয়ে দেয়। এরপরই কলেজের অধ্যক্ষ মৃতাকে চাপ দিতে শুরু করেন পুলিশের কাছে রুজু করা অভিযোগ তুলে নেওয়ার জন্য। প্রতিকারের কোন উপায় না পেয়ে মৃতা বেপরোয়া হয়ে নিজের গায়ে আগুন দেওয়ার সিদ্ধান্ত নেন।

নির্যাতিতা হাসপাতালে মারা গেলে পুলিশ কলেজের অধ্যক্ষ এবং যে বিভাগে নির্যাতিতা পড়তো সেই বিভাগের বিভাগীয় প্রধানকে গ্রেফতার করেছে।

এদিকে ওড়িশার বিরোধী পক্ষ দাবি করেছে এই ঘটনার দায়ভার নিয়ে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন এটা রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতার পরিচয়। বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবারও রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে। জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হচ্ছে।

About Post Author