Home » নিজের বাসভবনে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী; কে হামলাকারী? প্রকাশ্যে এল হামলাকারীর পরিচয়

নিজের বাসভবনে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী; কে হামলাকারী? প্রকাশ্যে এল হামলাকারীর পরিচয়

সময় কলকাতা ডেস্ক:- নিজের বাসভবনেই আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। দিন দুপুরে নিজ বাসভবনে ঢুকে কে হামলা করল দিল্লির মুখ্যমন্ত্রী-কে। তা নিয়ে শোরগোল পড়তেই উঠে এল হামলাকারীর পরিচয়।

জানা গেছে, বুধবার সকালে নিজের বাসভবনে ‘জনশুনানি’ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেই মতোই বুধবার সকালে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছিলেন। হামলাকারীও সেই জনশুনানিতে এসেছিলেন। তিনি নিজের কথা জানানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে যান। তার কথা শোনার সময় রেখা গুপ্তার উপর ওই যুবক হামলা চালান। মুখ্যমন্ত্রীকে চড় মারা হয়। এমনকী চুল ধরেও টানা হয়েছে বলে অভিযোগ। তৎক্ষণাৎ ওই যুবককে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা ধরে ফেলেন।

এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, কেন এই হামলা তা এখনও স্পষ্ট নয়। এমনকী ওই অভিযুক্ত যুবকের কোনও রাজনৈতিক যোগ আছে কিনা তাও স্পষ্ট নয়। তবে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। প্রশ্ন উঠছে কে এই আততায়ী? কেন এই হামলা?

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রানুসারে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, অভিযুক্তের বয়স ৪১ বছর, অন্য এক সূত্রের দাবি বয়স ৩৫। তাঁর সাথে ছিল কিছু নথিপত্র। নিজেকে তিনি রাজেশ ভাই খিমজি ভাই সাকারিয়া বলে পরিচয় দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি রাজকোটের বাসিন্দা বলেই দাবি। হামলার পরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শুরু হয়েছে মামলার তদন্ত।

প্রসঙ্গত, সিভিল লাইনস এলাকায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সরকারি আবাস। সেখানেই সাপ্তাহিক ‘জন শুনানি’ চলছিল। জানা যায়, ওই ব্যক্তি প্রথমে মুখ্যমন্ত্রীকে কিছু নথি দেওয়ার আবেদন জানান। আর তা দেওয়ার পরেই অতর্কিতে মুখ্যমন্ত্রীর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীকে চড় মারা হয়। এমনকী চুল ধরেও টানা হয়েছে বলে অভিযোগ। চড় মারার আগে তিনি ঢিলও ছোড়েন বলে প্রাথমিক ভাবে জানা গেলেও পরে জানা যায় তথ্যটি ভুল। ঘটনার পরেই হাতেনাতে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলেন নিরাপত্তায় থাকা কর্মীরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তকে। উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

About Post Author