সময় কলকাতা ডেস্ক:- মঙ্গলবার প্রবল বর্ষণে অচলবস্থা মহারাষ্ট্রের একাধিক জেলার। টানা বৃষ্টির জেরে জলমগ্ন বহু এলাকা। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বৃষ্টিজনিত ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন। শুধুমাত্র নান্দেড় জেলায় মৃত ৪, নিখোঁজ রয়েছেন আরও ৫ জন।
এদিকে, এখনও পর্যন্ত মুম্বইতে ১ জনের মৃত্যু হয়েছে, আহত ৩। বিড জেলায় প্রাণ হারিয়েছেন আরও একজন।
সূত্রের খবর, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৮টি ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬টি দল উদ্ধারকার্যে নামানো হয়েছে।
জানা গেছে, নান্দেড়ের মুখেদ তালুক থেকে এখন পর্যন্ত ২৯৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বৃষ্টি ও বন্যার কারণে অভিযান ব্যাহত হচ্ছে। প্রবল বর্ষণে মুম্বইয়ের বিভিন্ন প্রান্ত হাঁটু থেকে কোমর সমান জলে ডুবে গেছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শহরে রেকর্ড পরিমান বৃষ্টি হয়েছে। থানে, মুম্বই, পালঘর, নভি মুম্বা, রায়গড়ের মতো মহারাষ্ট্রের আরও অনেক জেলায় গত কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টির ফলে স্কুল ও কলেজও আপাতত বন্ধ রাখা হয়েছে ৷
এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবারও প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। ফলে উপকূলীয় জেলাগুলিতে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!