সময় কলকাতা ডেস্ক:- সোমবার সকাল সকাল ইডি-র হানা। একদিকে মুর্শিদাবাদে তৃণমূল এমএলএ জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ইডি-র হানা। আরেকদিকে, বীরভূমে জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহার বাড়িতেও হানা চালায় ইডি।
সূত্রের খবর, মায়া সাহার বাড়ি থেকে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, একাধিক নথি ও পেনড্রাইভ ইডি-র হাতে এসেছে মায়া সাহার বাড়ি থেকে। পরে দু’জন ইডি আধিকারিক পাশের একটি সাইবার ক্যাফেতে গিয়ে প্রায় ১৭ থেকে ১৮ পাতার প্রিন্ট আউট নেন।
সূত্রের খবর, উদ্ধার হওয়া সামগ্রী ও নথির বিস্তারিত সিজার লিস্টও সেখানেই প্রিন্ট আউট করা হয়েছে।
উল্লেখ্য, বীরভূমের সাঁইথিয়ায় ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হলেন মায়া সাহা। মায়া সম্পর্কে জীবনকৃষ্ণ সাহারর পিসি।
প্রসঙ্গত, এসএসসি নিয়োগ মামলায় জীবনকৃষ্ণের নাম আগেই জড়িয়েছিল। তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। বর্তমানে তিনি জামিনে মুক্ত।
এ বার তাঁর পিসির বাড়িতেও গেল কেন্দ্রীয় সংস্থা। শাসকদলের কাউন্সিলর মায়ার বাড়ির সামনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে কেন এই হানা, কিসের খোঁজে তল্লাশি চলছে, তা নিয়ে কোনও মন্তব্য করেননি কেউ।


More Stories
পুলিশের জালে তৃণমূল নেত্রী, তোলা হল বারাসাত আদালতে
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!