সময় কলকাতা ডেস্ক:- ফের মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিল ইডি। এছাড়াও বিধায়ক ঘনিষ্ঠ এক বেসরকারি ব্যাংক কর্মী রাজেশ ঘোষের বাড়িতেও হানা দেয় ইডির আরেকটি দল। বিধায়কের আন্দি গ্রামের বাড়িটি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
উল্লেখ্য, সোমবার সকালে ইডির অভিযান বীরভূমের সাঁইথিয়াতেও। সেখানকার তৃণমূল কাউন্সিলর মায়া সাহা, সম্পর্কে জীবনকৃষ্ণ সাহার পিসি।
তৃণমূল কাউন্সিলর মায়া সাহাও নিয়োগ দুর্নীতিতে জড়িত সন্দেহে, তল্লাশি শুরু করেছে ইডি। এছাড়াও রাজ্যের আরও দুই জায়গায় চলছে তদন্ত।
প্রসঙ্গত, এই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বছর দুয়েক আগে। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে দিনভর জিজ্ঞাসাবাদের পর সিবিআই অফিসাররা তাকে গ্রেপ্তার করেন।
সেই সময় প্রমাণ লোপাটের উদ্দেশ্যে বিধায়ক নিজের মোবাইল ফোন বাড়ির পিছনে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। তবে, তাঁর বাড়ি থেকে তার বিরুদ্ধে কিছু কিছু প্রমাণও মিলেছে বলে দাবি করে ইডি।
ইডি সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি এই মামলায় বোলপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। তাঁর সূত্র ধরে জীবনকৃষ্ণ সাহা এই নিয়োগ দুর্নীতি সহ আরও কোনও মামলায় জড়িত কি না, তা জানতে মরিয়া ইডি। সেই কারণেই সোমবার ফের তদন্তকারীদের স্ক্যানারে বড়োয়ার এই বিধায়ক।


More Stories
পুলিশের জালে তৃণমূল নেত্রী, তোলা হল বারাসাত আদালতে
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!