Home » ট্রাম্পের ‘শুল্কচাপে’ আরও কাছে মস্কো-নয়াদিল্লি, ডিসেম্বরে ভারত সফরে প্রেসিডেন্ট পুতিন

ট্রাম্পের ‘শুল্কচাপে’ আরও কাছে মস্কো-নয়াদিল্লি, ডিসেম্বরে ভারত সফরে প্রেসিডেন্ট পুতিন

সময় কলকাতা ডেস্ক:- আগামী ডিসেম্বর মাসে ভারতে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ক্রেমলিন থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ তিনি আগেই গ্রহণ করেছিলেন। সেই আমন্ত্রণে সারা দিয়েই পুতিনের ভারত সফর নিশ্চিত।

তবে ঠিক কবে তিনি আসবেন সেই তারিখ এখনও নির্ধারিত হয়নি। আমেরিকার আপত্তি সত্ত্বেও রাশিয়া থেকে অশোধিত তেল কেনা বন্ধ না করায় ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। আমেরিকার সেই শুল্কচাপের জেরে আরও কাছাকাছি আসছে নয়াদিল্লি-মস্কো।

বিভিন্ন দেশের উপর শুল্কের বোঝা চাপিয়ে যেভাবে আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক অচলাবস্থা তৈরিতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিশেষত মস্কোর সঙ্গে দিল্লির বাণিজ্যিক সুসম্পর্ক তাঁর যেমন চক্ষুশূল হয়ে উঠেছে, সেই পরিস্থিতিতেই ডিসেম্বরে রুশ প্রেসিডেন্টের এই ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে। রবিবার ও সোমবার চিনের বন্দর শহর তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী মোদি এবং রুশ প্রেসিডেন্ট পুতিন যোগ দেওয়ার পাশাপাশি সোমবার তাঁদের দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা।

তার ঠিক আগেই রুশ প্রেসিডেন্টের ভারত সফরের বার্তা দিল ক্রেমলিন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এটাই পুতিনের প্রথম ভারত সফর হতে চলেছে। কয়েকদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ভারতে আসার খবর মিলেছিল।

নয়াদিল্লিতে ইউক্রেনের দূতাবাসের তরফে ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে শিগগিরি দিল্লি সফরে আসছেন জেলেনস্কি। ‘বন্ধু’দেশ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দীর্ঘ যুদ্ধ থামানো নিয়ে মধ্যস্থতা করুক ভারত, এমনটা চান তিনি। আসন্ন সফরে সেই আর্জিই হয়ত জানাবেন ইউক্রেন প্রেসিডেন্ট। তবে জেলেনস্কির সফরসূচি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

তার আগেই ক্রেমলিন জানিয়ে দিল, ডিসেম্বরে ভারতে আসবেন রুশ প্রেসিডেন্ট। আমেরিকার দাদাগিরি, প্রতিবেশী দেশগুলির মধ্যে সমীকরণ, দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে মোদি-পুতিনের মধ্যে আলোচনা হতে পারে। সোভিয়েত আমল থেকেই প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়া ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী। এই সফরে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

About Post Author