সময় কলকাতা ডেস্কঃ জল্পনার অবসান। বাতিল হচ্ছে না এশিয়া কাপ। শ্রীলঙ্কার পরিবর্তে এশিয়া কাপের আসর বসবে সংযুক্ত আরব আমিরশাহিতে। একথা জানিয়ে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
এশিয়া কাপ কোথায় হবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা। বৃহস্পতিবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের শেষে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সংবাদ সংস্থা পিটিআইকে জানান, এবছর এশিয়া কাপ আরব আমিরশাহিতে হবে। কারণ আমিরশাহি একমাত্র জায়গা যেখানে বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি বছরের অক্টোবর -নভেম্বরে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তার আগেই এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ শুরু হওয়ার কথা রয়েছে।
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের তরফে বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানানো হয়েছিল, বর্তমানে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে।দেশের আর্থিক সঙ্কটের কারণে তাদের পক্ষে ২০২২-এর এশিয়া কাপের আসরের আয়োজন করা সম্ভব নয়। এই সিদ্ধান্তের পরই দ্রুত বিকল্প ব্যবস্থা নিল এশিয়ান ক্রিকেট বোর্ড।

গত কয়েক মাস ধরেই রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কা। সে দেশের ক্রিকেট কর্তাদের আশা ছিল, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ যে ভাবে তারা আয়োজন করেছিল, সে রকম এশিয়া কাপ করতেও সমস্যা হবে না। কিন্তু দেশের পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়াতেই এতগুলি দলকে নিয়ে প্রতিযোগিতা আয়োজনের ঝুঁকি নিচ্ছেন না তাঁরা।


More Stories
মহামেডানের ভন্ডুল ম্যাচের দায়িত্ব পেল বারাসাত
ছিন্নমূলদের আত্মসম্মান ও অহংকারের নাম ইস্টবেঙ্গল, বললেন মন্ত্রী শঙ্কর ঘোষ
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত