Home » অক্ষরে অক্ষরে ভারতের জয়

অক্ষরে অক্ষরে ভারতের জয়

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : পোর্ট অফ স্পেনে পঞ্চাশ ওভারের চতুর্থ বলটিতে যখন অক্ষর প্যাটেল ছয় মেরে ভারতের জয় ছিনিয়ে আনলেন, তার সামান্য আগেও ম্যাচ ছিল সম্পূর্ণ ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রণে। পাঁচটি বিশাল ছয় সহ ৩৫ বলে অপরাজিত ৬৪ রানের অক্ষরের সোনার অক্ষরে লিখে রাখা ইনিংস এক দিবসীয় সিরিজ জেতাল ভারতকে।তিনশোর বেশি রান তাড়া করে শিখর, সূর্য কুমার-রা দ্রুত আউট হন।একটা সময় চতুর্থ উইকেটের জুটিতে শ্রেয়স আয়ার ও সঞ্জু স্যামসন আশা জাগালেও দুজনেই অর্ধশতরান করে প্যাভেলিয়নে ফিরে যান।কিছু পরেই ফেরেন দীপক হুডা।তখন ওয়েস্ট ইন্ডিজের জয় যেন সময়ের অপেক্ষা। অন্য কিছু ছিল অক্ষর প্যাটেলের ভাবনায় ।শারদুল ফিরে যাওয়ার পরে শেষ চার ওভারে বত্রিশ রান দরকার ছিল। অক্ষর প্যাটেল আবেশ ও সিরাজকে নিয়ে পেশাদারী কায়দায় ম্যাচ নিস্পত্তি করলেন।রবিবার ধোনির রেকর্ড ভাঙলেন ৭ নম্বর ব্যাটসম্যান হিসেবে ছয় মেরে ম্যাচ জিতিয়ে। উল্লেখ্য, টেস্টে একটি অর্ধশতরান থাকলেও তাঁর খেলা চল্লিশটি এক দিনের ম্যাচে এই প্রথম অর্ধশতরান করলেন অক্ষর।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ক্যারিবিয়ান দল। নির্ধারিত পঞ্চাশ ওভারে সাই হোপের ১১৫ ও অধিনায়ক নিকোলাস পুরানের ৭৪ এর সৌজন্যে ৬ উইকেটে ৩১১করে ওয়েস্ট ইন্ডিজ। তিনটি উইকেট পান শারদুল ঠাকুর। একটি উইকেট পেলেও সবচেয়ে নিয়ন্ত্রিত বোলিং করেন এদিনের ম্যান অফ দ্যা ম্যাচ অক্ষর প্যাটেল।

রবিবার ম্যাচ জিতে,ভারত এক ম্যাচ বাকি থাকতেই ২-০  ম্যাচে এগিয়ে থাকায় সিরিজ পকেটে পুরে ফেলল।

About Post Author