Home » ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’

ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’

সময় কলকাতা ডেস্কঃ মাঠের থেকে বিদায় নিলেও থেকেই যাবেন পর্দায়।ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। অবশেষে মুক্তি পেতে চলেছে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে অনুষ্কা শর্মাকে। শনিবারই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ২০ বছরের দীর্ঘ কেরিয়ার শেষ করলেন ঝুলন। ঝুলন অবসর নেওয়ার পরই সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করতে দেখা গেল অনুষ্কাকে।
জানা গিয়েছে,প্রসিত রায় পরিচালিত ‘চাকদা এক্সপ্রেস’-এর শুটিংয়ের জন্য বর্তমানে ইংল্যান্ডে আছেন অনুষ্কা। শনিবার অনুষ্কা শর্মা সোশ্যাল মিডিয়ায় ঝুলন গোস্বামীর একটি ছবি শেয়ার করে তার নিচে লেখেন, প্রেরণা, আদর্শ, একজন লেজেন্ড। ইতিহাসে তোমার নাম থেকে যাবে। মেয়েদের ক্রিকেটকে বদলে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।’


সূত্রের খবর, ঝুলনের বায়োপিক সিনেমা হলে নয়, ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে। অনুষ্কা শর্মার প্রোডাকশন হাউজের ব্যানারে তৈরি হচ্ছে এই সিনেমাটি। দেশের বিভিন্ন জায়গায় শুটিংয়ের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই নদিয়ায় এবং কলকাতাতেও এই ছবির শুটিং হওয়ার কথা রয়েছে। জানা গিয়েছে,চাকদহ থেকে ঝুলনের যে জার্নি শুরু হয়েছিল, এই সিনেমায় তা-ই তুলে ধরা হবে। চাকদহ স্টেশন, খেলার মাঠ সহ বেশ কিছু জায়গাতেই শুটিং করবেন অনুষ্কা শর্মা। ইতিমধ্যেই ইডেনে সিনেমার শুটিং হয়ে গিয়েছে। ইংল্যান্ডেও শুটিংয়ের একটা পর্ব রয়েছে।


সূত্রের খবর, ২০২৩ সালে জানুয়ারি মাসেই মুক্তি পেতে পারে ‘চাকদহ এক্সপ্রেস’। যদিও নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও দিনক্ষণ ঘোষণা করা হয়নি। ঝুলন গোস্বামী নিজেও এই ব্যাপারে কিছু বলতে নারাজ।

About Post Author