সময় কলকাতা ডেস্কঃ দুয়ারে শীত। বদলাতে শুরু করেছে আবহাওয়া। সকালের দিকে অনুভূত হচ্ছে হালকা ঠাণ্ডা। অনেকটাই কমেছে রাতের তাপমাত্রা। বিভিন্ন জেলায় শীতের আমেজ থাকবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত।
পূর্বাভাস বলছে, বুধবার, পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। শীতের অনুভূতি তৈরী হয়েছে বঙ্গে। অনেক জায়গাতেই রাতের তাপমাত্রা নেমেছে। হালকা কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্র।আগামী তিনদিনের মধ্যেই রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলিতে শীতের আমেজ টের পাওয়া যাবে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। সেই সঙ্গে আগামী পাঁচদিনও দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক। দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির কোন পূর্বাভাস নেই। উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। জেলায় শীতের আমেজ বজায় থাকবে নভেম্বরের শুরুতেই। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ক্রমশ পারদ নামতে শুরু করবে বলে মনে করছে হাওয়া অফিস। তবে পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তাপমাত্রার তুলনায় বেশ কিছুটা কমই থাকবে। হালকা শীতের আমেজ অনুভূত হবে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায়।

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। কালিম্পং ও দার্জিলিঙে খুব হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতি ও শুক্রবারেও পার্বত্য এলাকাগুলিতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হিমেল হাওয়ার কারণে শীত অনুভূত হবে উত্তরের জেলাগুলিতে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। তাপমাত্রার কোনও হেরফের হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!