Home » শীঘ্রই মেরামতির কাজ শুরু হতে চলেছে হাওড়া ব্রিজে

শীঘ্রই মেরামতির কাজ শুরু হতে চলেছে হাওড়া ব্রিজে

সময় কলকাতা ডেস্ক, ১২ মে : ফের যানজটের আশঙ্কা। খুব শীঘ্রই মেরামতির কাজ শুরু হতে চলেছে হাওড়া ব্রিজে। যার জেরে একটানা ২৭ দিন ধরে চলবে এই মেরামতির কাজ। কলকাতা পোর্ট ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ না হলে অতিরিক্ত সময় নেওয়া হতে পারে। ইতিমধ্যেই কলকাতা ট্রাফিক পুলিশের থেকে অনুমোদন পাওয়া গিয়েছে। রাত ১০টা থেকে শুরু হবে মেরামতির কাজ। এই সময় যানবাহনের চাপ অনেকাংশে কম থাকে। ভোর ছটা পর্যন্ত কাজ চলবে।


জানা গিয়েছে,ব্রিজটির এক তৃতীয়াংশ অংশ জুড়ে সংস্কার কাজ চললেও অপর অংশটিতে যানচলাচল করবে। কাজ চলাকালীন যানজট যাতে না হয়, তার জন্য কলকাতা ও হাওড়া পুলিশ সবরকম পদক্ষেপ করছে। কলকাতা পোর্ট ট্রাস্ট সূত্রে খবর,মোট নটি পর্যায়ে মেরামতের কাজ করা হবে। এক একটি পর্যায়ে ২০০×৭ মিটার অংশে মেরামত করা হবে। প্রথমে হাওড়া ব্রিজের রাস্তার উপর থাকা পিচের আস্তরণ তুলে ফেলা হবে। তারপর পিচের নিচে থাকা ব্রিজের ইস্পাতের অংশে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। সেগুলি পরীক্ষা করার পর কোনও ক্ষয়ক্ষতি হলে মেরামত করা হবে। এরপর ২৫ মিলিমিটার বিটুমিনাস দিয়ে ম্যাস্টিক রাস্তা তৈরি করা হবে। ফলে ব্রিজের ভার অনেক কমবে।

আরও পড়ুন   অভিষেক-কুন্তল মামলায় স্থগিতাদেশ দিলেন না বিচারপতি অমৃতা সিনহা

গত ১৯ এপ্রিল কলকাতা পুলিস, হাওড়া কমিশনারেট, কলকাতা বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে ব্রিজ পরিদর্শন করেন। পরিদর্শনের পর ঠিক হয়, ন’টি পর্যায়ে মেরামতির কাজ হবে। গত কয়েকদিন ধরেই ট্রায়াল রান শুরু হয়েছিল। জানা গিয়েছে,যে অংশে মেরামত হবে,সেখানে গার্ড রেল দিয়ে ঘিরে রাখা হচ্ছে। যানজট কতটা হতে পারে,তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এরপরই চূড়ান্ত হবে যে কবে থেকে হাওড়া ব্রিজের মেরামতির কাজ শুরু হবে। হাওড়া ব্রিজের এই মেরামতির জন্য সাড়ে ৩ কোটি টাকা ধার্য করা হয়েছে। প্রযুক্তিবিদদের দাবি, এই মেরামতির পোশাকি নাম হল ‘ডেক সারফেস’ মেরামতি।

About Post Author