সময় কলকাতা ডেস্ক, ২৫ মে: তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার হাইকোর্টে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন নন্দীগ্রামের বিধায়ক। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চলতি মাসের উত্তর দিনাজপুরের ইটাহার ও মুর্শিদাবাদের ফরাক্কায় জাতীয় সড়ক আটকে মিছিল করেন বলে অভিযোগ। শুভেন্দুর আইনজীবীদের বক্তব্য, জাতীয় সড়ক আইন অনুযায়ী ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারবে না। জুনের দ্বিতীয় সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আগামী ২৭ মে মালদহে শুভেন্দু অধিকারীর সভা করার কথা থাকলেও তাতে এখনও পর্যন্ত অনুমতি মেলেনি। সেই অনুমতি চেয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। পুলিশ প্রশাসনের বক্তব্য, কেন ১৫ দিন আগে অনুমতি চাওয়া হল না? শুভেন্দু অধিকারীর দাবি, অনলাইনে সুযোগ দেওয়া হয়নি, তাই আবেদন পরে করা হয়েছে।

এদিকে,কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই মামলারই শুনানি ছিল। কিন্তু তারপরও রক্ষাকবচ পেলেন না অভিষেক। এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে ওঠে মামলাটি। আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলেই সূত্রের খবর। অভিষেকের আইনজীবী মনু সিংভি মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিক। তাঁকে কেন্দ্রীয় সংস্থাগুলি বারবার ডেকে পাঠাচ্ছে। এমনকী যখন তিনি কলকাতার বাইরে দলীয় কর্মসূচিতে ব্যস্ত তখন নোটিস পাঠানো হচ্ছে।”
আরও পড়ুন নতুন সংসদ ভবন উদ্বোধন মামলার জল গড়াল সুপ্রিম কোর্টে

তবে সেই আর্জি খারিজ করে দেয় বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ। যদিও অভিষেকের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, “আদালতের নিয়ম মেনে আবেদন করুন। শোনা হবে।” এদিকে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে বহাল রেখে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেককে সিবিআই জিজ্ঞাসাবাদের কথা বলেন। পাশাপাশি আদালতের সময় নষ্টের কথা উল্লেখ করে ২৫ লক্ষ টাকা জরিমানাও করেন। সুপ্রিম কোর্টের মামলায় ২৫ লক্ষ টাকা জরিমানার কথা উল্লেখ নেই। সেটি সংযুক্ত করার কথা বলেই নিয়মাফিক আবেদনের কথা বলা হয় এদিন। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি।


More Stories
ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন
ডিমথেরাপি ও জনরোষ ধূপগুড়িতে,অভিযুক্ত তৃণমূল নেতাকে রক্ষা করতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ
“মাথা উঁচু করে রাজনীতি “- মুখ্যমন্ত্রী সকাশে মমতাপন্থী বিধায়করা