Home » ‘বিচারপতিদের ভাষা হওয়া উচিত এমনই’, বিচারব্যবস্থায় ভাষা নিয়ে মন্তব্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

‘বিচারপতিদের ভাষা হওয়া উচিত এমনই’, বিচারব্যবস্থায় ভাষা নিয়ে মন্তব্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

সময় কলকাতা ডেস্ক, ২৫ মে: ঝাড়খণ্ডের নতুন হাই কোর্ট ভবনের উদ্বোধনে উপস্থিত হয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ভূয়সী প্রশংসা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, বিচারপতির ভাষা হওয়া উচিত এমন, যা সর্বজনগ্রাহ্য হয়। এতে মামলার বাদী-বিবাদী পক্ষ তো বটেই, আগ্রহী নাগরিকরাও ন্যায়ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা করতে পারেন। তিনি বলেন, ইংরেজি আদালতের প্রাথমিক ভাষা হওয়ার কারণেই জনসংখ্যার একটা গরিষ্ঠ অংশই প্রক্রিয়ার বাইরে থেকে যান। আদালতে স্থানীয় ভাষার গুরুত্ব সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও একাধিক বার মুখ খুলতে দেখা গিয়েছে। সেই কথার রেশই এদিন দেখা গেল রাষ্ট্রপতির বক্তব্যেও।

এদিকে,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন, নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতিরই! এবার জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে। জয়া সুকিন নামের এক আইনজীবী শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার আমন্ত্রণ জানিয়ে আইন ভেঙেছে লোকসভার সচিবালয়। আইনজীবীর দাবি, ভারতীয় সংবিধানের ৭৯ ধারায় স্পষ্ট বলা আছে দেশের সংসদ গঠিত হয়েছে রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। যেহেতু রাষ্ট্রপতি সংসদের শীর্ষাসনে, তাই নয়া ভবন উদ্বোধন হওয়া উচিত তাঁর হাতেই। এক্ষেত্রে লোকসভার সচিবালয় নতুন সংসদ ভবনের উদ্বোধনের জন্য আমন্ত্রণই জানায়নি। যা সংবিধান বিরোধী। আগামী ২৮ মে রবিবার উদ্বোধন হবে সংসদের নতুন ভবনের। তবে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। বিরোধীদের দাবি, দেশের সাংবিধানিক প্রধান হিসেবে নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতিরই।

আরও পড়ুন    নতুন সংসদ ভবন উদ্বোধন মামলার জল গড়াল সুপ্রিম কোর্টে

নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করা নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার রাতে ৩ দিনের বিদেশ সফর শেষে অস্ট্রেলিয়ায় থেকে ফিরেছেন নরেন্দ্র মোদি। এদিন পালাম বিমানবন্দরের বাইরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন হাজার হাজার বিজেপি কর্মী। দেশে ফিরেই মোদি বললেন, “অস্ট্রেলিয়ায় আমার অনুষ্ঠান ছিল। সেখানে বর্তমান প্রধানমন্ত্রী যেমন ছিলেন, তেমনই প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিরোধী সাংসদরাও ছিলেন। শুধু নিজেদের দেশের জন্য ঐক্যবদ্ধ ছিলেন তাঁরা।” প্রধানমন্ত্রীর এই গোটা ভাষণটাই আসলে ঘুরিয়ে বিরোধীদের তোপ। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

About Post Author