স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ অক্টোবর: বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে হার বাংলাদেশের। শুক্রবার চেন্নাইয়ে সাকিবদের হারিয়ে দিল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রান তোলে বাংলাদেশ। জবাবে ৪২.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি। তৃতীয় ম্যাচে ফিরেই ম্যাচ জেতানো ইনিংস খেললেন কেন উইলিয়ামসন। যদিও ইনিংসের মাঝপথে আঙুলে চোট পাওয়ায় মাঠ ছাড়তে হয় কিউয়ি অধিনায়ককে।

শুক্রবার টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অধিনায়কের এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। দিনের শুরুর বলটিতেই ফেরালেন লিটন দাসকে। কথায় বলে ‘মর্নিং শো’জ দ্য ডে’। ম্যাচের ভাগ্য ওই বলের পরই বোঝা গিয়েছিল। শুরু থেকে বল হাতে দাপট দেখালেন নিউজিল্যান্ডের বোলাররা। একটা সময় ৫৬ রানের ৪ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে যায় বাংলাদেশ। খারাপ সময়ে দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুজনের ৯৬ রানের জুটিতে কিছুটা অক্সিজেন পায় দল। গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশত রান করেছিলেন মুশফিকুর। এই ম্যাচেও অর্ধশতরান করলেন তিনি। তবে খুব কাছে পৌঁছেও অর্ধশতরান হাতছাড়া করেন সাকিব। ৪০ রানে আউট হয়ে প্যাভেলিয়ানে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। মুশফিকুরের ইনিংস থামে ৬৬ রানে। এই দুই ব্যাটার আউট হতে ফের চাপে পড়ে যায় বাংলা টাইগাররা। শেষ দিকে মাহমুদুল্লাহর লড়াকু বুটিংয়ে ভর করে ২০০ রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ। ৪১ রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ। ২৪৫ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

আরও পড়ুন: মেসি গোল না পেলেও জয় আর্জেন্টিনার, এগিয়ে গিয়েও আটকে গেল ব্রাজিল
সেই রান তাড়া করতে বিশেষ বেগ পেতে হয়নি কিউয়িদের। যদিও শুরুতে রচিনের উইকেট হারায় নিউজিল্যান্ড। প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা এই ভারতীয় বংশোদ্ভূত ব্যাটারকে মাত্র ৯ রানে ফেরান মুস্তাফিজুর। এরপর অপর ওপেনার ডেভন কনওয়ের সঙ্গে জুটি বেঁধে দলের রান এগিয়ে নিয়ে যান কেন উইলিয়ামসন। ৮০ রানের জুটি গড়েন দুজনে। ৪৫ রানে কনওয়েকে ফেরান সাকিব। তারপর ড্যারিল মিচেলের সঙ্গে জুটি বাঁধেন উইলিয়ানসন। চোট সারিয়ে অর্ধশত রান করে প্রত্যাবর্তন করলেন নিউজিল্যান্ড অধিনায়ক।এদিন শতরান করতে পারতেন তিনি। তবে বিধি বাম। রান নিতে গিয়ে আঙুলে ফের চোট লাগে উইলিয়ামসনের। ৭৮ রানে মাঠ ছাড়তে হয় তাঁকে। শেষদিকে মিচেল ও ফিলিপস দলকে দ্রুত জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন।

৬৭ বলে ৮৯ রানের ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস খেলেন মিচেল। ফিলিপসের ব্যাট থেকে আসে ১১ বলে ১৬ রান। ৪৩ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় ব্ল্যাক ক্যাপরা। ৪৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড বোলার লকি ফার্গুসন।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার