Home » দুরন্ত ছন্দে রয়েছেন এমবাপে ও হাল্যান্ড, চ্যাম্পিয়ন্স লিগে জয় ম্যান সিটি ও পিএসজির

দুরন্ত ছন্দে রয়েছেন এমবাপে ও হাল্যান্ড, চ্যাম্পিয়ন্স লিগে জয় ম্যান সিটি ও পিএসজির

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ অক্টোবর: চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছেন বিশ্ব ফুটবলের এই প্রজন্মের দুই কাণ্ডারি আর্লিং হাল্যান্ড ও কিলিয়ন এমবাপে। এই দুই মহারথীর সৌজন্যে আলাদা ম্যাচে জয় পেয়েছে তাঁদের দল ম্যাঞ্চেস্টার সিটি ও পিএসজি। পিএসজি ৩-০ গোলে হারিয়েছে এসি মিলান। অপরদিকে সুইজারল্যান্ডের ক্লাব ইয়ং বয়েজকে ৩-১ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি।

বৃহস্পতিবার ভারতীয় সময় মধ্যরাতে মাঠে নেমেছিল ইউরোপের প্রথম সারির ক্লাবগুলি। জি গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের ক্লাব ইয়ং বয়েজের মুখোমুখি হয় পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। ইয়ং বয়েজকে তাদের ঘরের মাঠে ৩-১ গোলে হারাল সিটিজেনরা। প্রথমার্ধে কোনও দল গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৩ মিনিটের মাথায় প্রথম গোল পায় সিটি। সিটিকে প্রথমে এগিয়ে দিয়েছিলেন সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি। যদিও গোলের ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আকাশী জার্সিধারীরা। ৫২ মিনিটে সুইস ক্লাবের হয়ে সমতা ফেরান এলিয়া। ৬৫ মিনিটে রড্রিকে পিছন থেকে ফাউল করলে পেনাল্টি পায় সিটি। পেনাল্টি থেকে সিটিকে এগিয়ে দেন আর্লিং হাল্যান্ড।

আরও পড়ুন    এশিয়ার সিংহদের কাছে লজ্জার হার ইউরোপের সিংহদের

নির্ধারিত সময়ের চার মিনিট আগে ফের গোল করে দলের জয় নিশ্চিত করেন হাল্যান্ড। জি গ্রুপে ৩ ম্যাচে ৩ টি জিতে নকআউটে নিজেদের জায়গা অনেকটা পাকা করে নিল গুয়ার্দিওলার ছেলেরা।অপরদিকে এফ গ্রুপের ম্যাচে জয় পেয়েছে পিএসজি। ঘরের মাঠে এসি মিলানের বিরুদ্ধে ফরাসি ক্লাবটি জয় পেয়েছে ৩-০ গোলে। ৩২ মিনিটে পিএসজির হয়ে প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপেই। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ফের ব্যবধান বাড়ায় ফরাসি ক্লাবটি। এবার গোল করেন রান্ডাল কোলো মুয়ানি। নির্ধারিত সময়ের এক মিনিট আগে ফের গোল পায় পিএসজি। এবার গোলদাতা লি ক্যাং ইন।

ই গ্রুপের অমীমাংসিত শেষ হয়েছে সেল্টিক ও অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ। ঘরের মাঠে খেলা শুরু চার মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল স্কটল্যান্ডের ক্লাবটি। গোল করেন ফুরুহাসি। ২৫ মিনিটে স্পেনের ক্লাবের হয়ে সমতা ফেরান অ্যান্টনিও গ্রিজম্যান। যদিও গোল হজম করে ফের আক্রমণ বাড়াতে থাকে সেল্টিক। ২৮ মিনিটে ফের ম্যাচে ব্যবধান বাড়ায় তারা। গোল করেন লুই পালমা। প্রথমার্ধের শেষে ২-১ গোলে পিছিয়ে ছিল অ্যাটলেটিকো শিবির। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে আবার সমতা ফেরায় অ্যাটলেটিকো। এবার গোল করেন আলভারো মোরাতা। বল দখলের লড়াইয়ে এদিন ঘরের মাঠে সেল্টিকেরই প্রাধান্য ছিল বেশি। ৮২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আটলেটিকো ফুটবলার রড্রিগো ডি পল। যদিও প্রায় ১০ মিনিট ১০ জনের দলের বিরুদ্ধেও গোল করতে পারেনি সেল্টিক।

About Post Author