সময় কলকাতা ডেস্ক, ১৩ এপ্রিলঃ শুক্রবার জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে প্রচার করতে ধূপগুড়িতে(Dhupguri) গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই অভিষেক ঘোষণা করেন ভোট মিটলেই ফের তিনি জেলায় জেলায় জনসংযোগের জন্য দ্বিতীয় দফায় নবজোয়ার কর্মসূচি শুরু করবেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে – নবজোয়ার ২। এবারের সফর শুরু হবে ধূপগুড়ি থেকেই।
জানা গিয়েছে, আগামী ৪ জুন লোকসভা ভোটের ফলাফল। তারপরই জুনের শেষ থেকেই শুরু হবে অভিষেকের নয়া কর্মসূচি নবজোয়ার ২। ২০২৩ সালে পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় ‘নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের জন্য নবজোয়ার কর্মসূচির মাধ্যমে সরাসরি মানুষের কাছে ড্রপ বক্স নিয়ে গিয়েছিল তৃণমূল। এদিন ধূপগুড়ির জনসভা থেকে তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করার জন্য জনসভা থেকে আহ্বান জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগেরবার বিজেপি প্রার্থীকে জেতানোর পর কী লাভ পেয়েছেন, সেই প্রশ্ন তুলে নির্মলচন্দ্র রায়কে ভোট দেওয়ার কথা বলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড।
প্রসঙ্গত, মমতা-অভিষেকের কর্মসূচিতে সরগরম উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে একের পর এক নির্বাচনী প্রচার সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেখানে ঘাঁটি গাড়ছেন রাজনৈতিক সব দলের শীর্ষ নেতা-নেত্রীরা। নির্বাচনী প্রচারে ঝড় তুলতে শনিবার শিলিগুড়িতে বিভিন্ন বণিকসভা ও বিশিষ্টদের সঙ্গে বৈঠক রয়েছে অভিষেক। সেইসঙ্গে কোচবিহারের দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়ার সমর্থনে তিনি সিতাইয়ে একটি রোড শো করবেন আজ। সূত্রের খবর, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত শিলিগুড়ির একটি হোটেলে বিভিন্ন গোষ্ঠী ও সংগঠনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এদিকে, আগামী ১৬ এপ্রিল ফের একবার মোদী-মমতা দ্বৈরথের সাক্ষী থাকতে চলেছে উত্তরবঙ্গ। জোড়া সভা করতে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দলীয় প্রার্থীদের সমর্থনে ১৬ এপ্রিল তাঁর সভা করার কথা বালুরঘাট এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। একইদিনে শিলিগুড়িতে রোড-শো করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে, উত্তরবঙ্গে ফের ভোট প্রচারে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
#নবজোয়ার২কর্মসূচি
#তৃণমূলপ্রার্থীনির্মলচন্দ্ররায়
#AbhishekBanerjee
#LokSabhaElection2024
#মমতাবন্দ্যোপাধ্যায়


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র