Home » TMC Councillor: ‘প্রোমোটারকে’ ‘বিগ বিলিয়ন ডে’-র ছাড়! বন্ধ ঘরে তৃণমূল কাউন্সিলরের কীর্তি ফাঁস করলেন বিরোধী দলনেতা

TMC Councillor: ‘প্রোমোটারকে’ ‘বিগ বিলিয়ন ডে’-র ছাড়! বন্ধ ঘরে তৃণমূল কাউন্সিলরের কীর্তি ফাঁস করলেন বিরোধী দলনেতা

সময় কলকাতা ডেস্ক, ২৭ সেপ্টেম্বরঃ সামনেই দুর্গাপুজো। প্রতি বছর এরকম সময় বিভিন্ন সরঞ্জামের উপর বিশেষ ছা়ড় দেয় ফ্লিপকার্ট। যার পোশাকি নাম ‘Big Billion Day’। অনেক গ্রাহক রয়েছেন যারা সারা বছর টাকা জমান। এই দিনে নিজের সাধের জিনিসকে সামর্থের মধ্যে পাওয়ার জন্য। এবার এরকমই এক মেগা অফার পেলেন কলকাতার এক প্রোমোটার। তাও খাস তৃণমূল কাউন্সিলের কাছ থেকে। বন্ধ ঘরের একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা  তাঁর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন অভিযুক্ত কাউন্সিলর।

কী অভিযোগ করেছেন বিরোধী দলনেতা?

শুক্রবার দুপুরে সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করেন, “তোলামূল কংগ্রেসের ঝাড়ের সব বাঁশ-ই সমান !!! দুর্নীতি এবং এদের নেতা নেত্রীরা সমার্থক। কলকাতা পুরসভার আরও এক ‘স্কোয়ার ফুট (square foot) কাউন্সিলর’ কে চিনে রাখুন। ১২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর; শ্রীমতি ছন্দা সরকার এক প্রোমোটার এর সাথে রফা করছেন:-”

ভিডিও-তে ঠিক কী রয়েছে? (ভিডিও-র সত্যতা যাচাই করেনি সময় কলকাতা)

ভিডিও-তে চায়ের কাপ হাতে নীলসাদা শাড়িতে এক মহিলাকে দেখা যাচ্ছে। তিনি কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকার। তাঁর সামনে আরও কয়েকজন বসে রয়েছেন। যদিও তাঁদের মুখ ভিডিওতে দেখা যাচ্ছেনা। তাঁরা চা চক্রের মধ্যে কোনও জমি বা ফ্ল্যাটের নির্মাণ নিয়ে আলোচনা করছেন। সেখানে অজ্ঞাত ব্যক্তিদের জিজ্ঞেস করতে শোনা গিয়েছে, ‘আপনাকে কত কী দিতে হবে ম্যাডাম?’ তার উত্তরে অভিযুক্তকে বলছেন, ‘আমার এই সম্পর্কে কোনও আইডিয়া নেই। আমি ঘনশ্রী বাগেরটা (ওই ওয়ার্ডের পূর্বের কাউন্সিলর, বর্তমানে ১২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর) শুনেছি, ও স্কোয়ারফিট হিসেবে ১৫০ টাকা করে নেয়।’ তিনি তারপর বলেন, ‘আমি সেই কথাও বলছি না। আমার অত দরকার নেই। আমাকে ৮০ টাকা করেই দিলেই হবে। তোমরা কাজ করো।’ তারপর একলাখ দিয়ে ওই অজ্ঞাত ব্যক্তিদের কাজ শুরু করতে বলেন কাউন্সিলর ছন্দা সরকার। ওই অজ্ঞাত ব্যক্তিদের থেকে পূর্বের কাউন্সিলরের থেকে প্রায় ৫০ শতাংশ কম টাকা চান তিনি।  

আরও পড়ুনঃOPTICAL ILLUSION: কঠিন ধাঁধা! ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারবেন?

কী বলছেন অভিযুক্ত কাউন্সিলর?

যদিও তোলা চাওয়ার সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ছন্দা সরকার। পাল্টা বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কার্যত চ্যালেঞ্জের সুরে তিনি বলেছেন, ‘ওর যদি সৎ সাহস থাকে, তা হলে বলুক এই ভিডিও কার থেকে পেয়েছেন।’ পরে সংবাদ মাধ্যমে সেই ভিডিও দেখিয়ে শুভেন্দু বলেন, তৃণমূল ও চোর শব্দদুটি সমার্থক। সেটা পরিবর্তন হবে না।

About Post Author