Home » East Bengal: ব্রুজোর ছোঁয়ায় ভূটানে জয়ে ফিরল ইস্টবেঙ্গল

East Bengal: ব্রুজোর ছোঁয়ায় ভূটানে জয়ে ফিরল ইস্টবেঙ্গল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ অক্টোবরঃ বিপর্যয় সামলে অবশেষে ঘুরে দাঁড়াল ইস্টবেঙ্গল । এএফসি চ্যালেঞ্জ লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয় পেল লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার ভূটানের চানলিংথাম স্টে়ডিয়ামে অস্কার ব্রুজোর শিষ্যরা ম্যাচ জিতলেন ৪-০ গোলে। ইস্টবেঙ্গলের জার্সিতে প্রথম গোল পেলেন মোহনবাগানের প্রাক্তন ডিফেন্ডার আনোয়ার আলি। বাকি তিনটি গোল করেন দিমিত্রি দিয়ামানতাকোস, নন্দকুমার শেখর ও শৌভিক চক্রবর্তী। কলকাতার অন্যতম প্রধানের দায়িত্ব নেওয়ার পর নিজের পুরনো ক্লাব বসুন্ধরা কিংসের বিরুদ্ধে প্রথম জয় পেলেন ব্রুজো।

ইন্ডিয়ান সুপার লিগে একের পর এক ম্যাচে হার! স্বাভাবিকভাবেই কিছুটা কোনঠাসা হয়ে পড়েছিল ইস্টবেঙ্গল । দলের ফুটবলারদের মনোবলও গিয়ে ঠেকেছিল তলানিতে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য একটা জয় দরকার ছিল ভারতীয় ফুটবলের অন্যতম সফল ক্লাবের। মঙ্গলবার ভূটান পাহাড়ের ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেই অক্সিজেনের সন্ধান পেল মশাল ব্রিগেড। ৩১ সেকেন্ডে গোল করে ভারতের শতবর্ষপ্রাচীন ক্লাবকে এগিয়ে দেন গ্রিক ফুটবলার দিমি। লালচুংনুঙ্গার ক্রস ধরে হাফটার্নে যোগ্য স্ট্রাইকারের মত বল জালে জড়িয়ে দেন। এই মরশুমে এটাই ইস্টবেঙ্গলের দ্রুততম গোল। প্রথম গোল হজম করার পর বাংলাদেশের ক্লাবকে আর খুঁজে পাওয়া যায়নি। একের পর এক আক্রমণে বসুন্ধরার রক্ষণকে নাজেহাল করে দেন লাল-হলুদ ফুটবলারেরা।

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: হাতে সময় ৫৫ সেকেন্ড, নিচের ছবি দুটি থেকে ৩ টি অমিল খুঁজে ধাঁধার সমাধান করুন

আরও পড়ুনঃ Manchester United: ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে ছাঁটাই হলেন টেন হ্যাগ, কে হবেন নতুন কোচ?

ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে বাংলাদেশের বসুন্ধরা কিংসকে একাধিক ট্রফি জিতিয়েছেন ব্রুজো। ফলে বাংলাদেশের ক্লাবের ফুটবলারদের নাড়িনক্ষত্র হাতের তালুর মত চেনেন তিনি। নিজের রণকৌশলে সেটাকেই কাজে লাগালেন। এ দিনের ইস্টবেঙ্গলের খেলায় পরিকল্পনার ছাপ স্পষ্ট। বলকে নিজেদের পায়ে রেখে খেলছিলেন নন্দা-মহেশরা। ২০ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করে ব্যবধান বাড়ান সৌভিক। তখন লাল-হলুদ ফুটবলারদের দাপটে কার্যত দিশেহারা বসুন্ধরা ফুটবলারেরা। সেই সুযোগে ২৬ মিনিটে তৃতীয় গোল করেন নন্দকুমার। চতুর্থ গোলের জন্য ইস্টবেঙ্গলকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৩৩ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে গোল করেন আনোয়ার। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর চেষ্টা করেছিল বসুন্ধরা কিন্তু সফল হয়নি। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলও কোনও গোল করতে পারেনি।

About Post Author