Home » Manchester United: ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে ছাঁটাই হলেন টেন হ্যাগ, কে হবেন নতুন কোচ?

Manchester United: ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে ছাঁটাই হলেন টেন হ্যাগ, কে হবেন নতুন কোচ?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ অক্টোবরঃ দলের ধারাবাহিক খারাপ প্রদর্শনের পর অবশেষে কোচ ছাঁটাইয়ের পথে হাঁটল ম্যানচেস্টার ইউনাইটেড। দু’বছর দায়িত্বে থাকার পর সরিয়ে দেওয়া হল ডাচ কোচ এরিক টেন হ্যাগকে। গত শনিবার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের কাছে হারের পর ক্লাবে তাঁর ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়েছিল। লণ্ডনে একাধিকবার বৈঠকে বসেছিলেন ইউনাইটেড কর্তারা। অবশেষে সোমবার চূড়ান্ত সিদ্ধান্তের পথে হাঁটল ক্লাব। ম্যানচেস্টারের ক্লাবে শেষ হল টেন হ্যাগ জমানা। নতুন স্থায়ী কোচ নিয়োগ হওয়া পর্যন্ত ব্রুনো ফার্নান্ডেজদের দায়িত্ব সামলাবেন দলের সহকারী কোচ রুড ভ্যান নিস্তেলরুই।   

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ক্লাবের মূল দলের কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হল এরিক টেন হ্যাগকে। ২০২২ সালের এপ্রিল মাসে তিনি ক্লাবের দায়িত্বভার নিয়েছিলেন। তাঁর প্রশিক্ষণে আমরা দু’টি ঘরোয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি। ২০২৩ সালে কারাবাও কাপ এবং ২০২৪ সালে এফএ কাপ জিতেছি আমরা। তারজন্য আমরা এরিকের কাছে কৃতজ্ঞ। তাঁর ভবিষ্যতের জন্য আমাদের শুভেচ্ছা। আপাতত অন্তর্বর্তী কোচ হিসাবে দলের দায়িত্ব দেওয়া হচ্ছে রুড ভ্যান নিস্তেলরয়কে। পরবর্তী স্থায়ী কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত অন্য কোচিং স্টাফদের সহযোগিতায় কাজ চালাবেন তিনি।’’

আরও পড়ুনঃ 2024 Ballon d’Or: সুয়ারেজের পর স্পেনের দ্বিতীয় ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতে নজির রড্রির

আরও পড়ুনঃ 2024 Ballon d’Or: একনজরে দেখে নেওয়া যাক ব্যালন ডি’অরের মঞ্চে কে কে জিতলেন সেরার পুরস্কার?

চলতি মরশুমের শুরুতে  ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নতুন চুক্তি করেছিলেন এরিক টেন হ্যাগ । কিন্তু লাগাতার ব্যর্থতার কারণে তাঁকে বরখাস্ত করল ইউনাইটেড। টেন হ্যাগ বিদায়ের পর ব্রুনো ফার্নান্ডেজ, মার্কোস রাশফোর্ড নতুন কোচ কে হবেন? একাধিক নাম উঠে আসছে  জল্পনায়। কোচ হওয়ার দৌড়ে জোরালোভাবে উঠে আসছে রুবেন আমোরিমের নাম। খুব অল্প বয়সে ফুটবল প্রশিক্ষক হিসেবে নজর কেড়েছেন তিনি। বর্তমানে পর্তুগালের প্রথমসারির ক্লাব স্পোর্টিং লিসবনের দায়িত্বে রয়েছেন ৩৯ বছরের পর্তুগিজ কোচ।

ইতালির সাংবাদিক তথা দলবদল সংক্রান্ত খবরের অন্যতম বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “ইতিমধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রাথমিক সবুজ সংকেত দিয়ে দিয়েছেন রুবেন আমোরিম। ইংল্যান্ডের ক্লাবে যোগদান করার ব্যাপারে তিনি আগ্রহী।” তবে আমোরিম ছাড়াও বার্সেলোনার প্রাক্তন কোচ জাভি, ইংল্যান্ডের জাতীয় দলের প্রাক্তন কোচ গ্যারেথ সাউথগেট ও জার্মানির জাতীয় দলের বর্তমান কোচ জুলিয়েন নাগালসম্যানের নামও উঠে আসছে আলোচনায়।

About Post Author