সময় কলকাতা ডেস্ক:- আমজনতার প্রত্যাশার তুলনায় যথেষ্ট সাদামাটা বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটের মূল সুর একটাই মধ্যবিত্তের হাতে নগদের পরিমাণ বাড়িয়ে দেশের অর্থনীতি সংস্কারের উদ্যোগ কেন্দ্রের। বরাবরের মতো এবারও ভারসাম্য রক্ষার বাজেট হয়েছে। একাধিক ক্ষেত্রে অর্থ বরাদ্দ বৃদ্ধি করেছেন নির্মলা, আবার কোনও ক্ষেত্র সম্পূর্ণ উপেক্ষিতই থেকে গিয়েছে। গতবারের মতো ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটেও পর্যটন ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষত দেশের বিভিন্ন প্রান্তে হোম স্টেগুলির শ্রীবৃদ্ধি মুদ্রা লোনের আওতায় আনা, ৫০ টি পর্যটন কেন্দ্রের উন্নয়ন, চিকিৎসা পর্যটন বা মেডিক্যাল টুরিজমে জোর দিয়েছেন নির্মলা সীতারমণ।
দেশের ৫০টি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানো হবে
আর্থিকভাবে দুর্বল মানুষজনকে স্বাবলম্বী করে ব্যবসার স্বার্থে মুদ্রা লোনের সুবিধা আগেই ছিল কেন্দ্রের তরফে। সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মেলে অতি সুলভে। ঋণ পরিশোধের ক্ষেত্রেও একাধিক সুবিধা রয়েছে এই মুদ্রা লোন প্রকল্পে। এবার বিভিন্ন পর্যটন স্থলে হোম স্টে-গুলির বিকাশও এবার থেকে মুদ্রা লোনের আওতায় চলে এল। শনিবার বাজেট পেশ করে এই ঘোষণা করলেন নির্মলা সীতারমণ। জানালেন, দেশের ৫০টি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানো হবে। এছাড়া জোর দেওয়া হয়েছে বৌদ্ধবিহারগুলির পর্যটনে। বিহারের পাটনা, বুদ্ধগয়ার মতো ভ্রমণ ক্ষেত্রগুলিতে বাড়তি নজর দেবে কেন্দ্র, জানিয়েছেন নির্মলা।
শুধু পর্যটন ক্ষেত্রের বিকাশই নয়, বেড়াতে যেতে মধ্যবিত্তরাও যাতে দ্রুত যাতায়াত করতে পারেন, তার জন্য ‘উড়ান’ প্রকল্পের সুবিধা বাড়ানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। আগামী ১০ বছরে ১২০টি নতুন পর্যটন ক্ষেত্রে আরও চার কোটি মানুষ বিমানে যাতায়াতের সুবিধা পাবেন। এছাড়া পার্বত্য এলাকায় হেলিপ্যাড ও ছোট বিমানবন্দর তৈরি হবে ‘উড়ান’ স্কিমের আওতায়। পাশাপাশি, নির্মলার এবারের বাজেটে সবচেয়ে বড় ঘোষণা মেডিক্যাল টুরিজম বা চিকিৎসা পর্যটন। বিষয়টি খুবই সহজ। বিদেশ থেকে যারা এদেশে চিকিৎসার জন্য আসেন, তাঁদের কথা মাথায় রেখে এধরনের পর্যটনে জোর দেওয়া হবে। তাঁদের জন্য ভিসা নীতি সহজ করার পক্ষে চিকিৎসার পাশাপাশি তাঁরা আশেপাশে ঘোরাফেরা করলে পর্যটন স্থলগুলি থেকে আয় বাড়বে বলে আশা কেন্দ্রের। তবে তার জন্য পিপিপি মডেলের সাহায্য নেওয়া হবে বলে ঘোষণা করেন নির্মলা সীতারমণ।
কৃষকদের জন্য ঋণের ঘোষণা
চাকরিজীবীদের করছাড়, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষকদের জন্য ঋণের ঘোষণা এদিন যেমন করেছেন অর্থমন্ত্রী, সেই সঙ্গে একাধিক পণ্যে শুল্ক ছাড়ের কথাও জানিয়েছেন নির্মলা। সেই সিদ্ধান্তের জন্য একাধিক জিনিসের দাম কমতে চলেছে আগামী দিনে। ফলে স্বস্তির শ্বাস ফেলবেন মধ্যবিত্ত ক্রেতারা। ওষুধের শুল্ক ছাড়ে ক্যান্সার-সহ একাধিক মারণরোগের ওষুধের দাম কমতে চলেছে। ৩৬টি জীবনদায়ী ওষুধে পুরোপুরি শুল্ক ছাড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এছাড়াও ৬টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক কমানো হয়েছে। ফলে সস্তা হবে ওষুধ। সুরাহা মিলবে অসুস্থদের।
অন্যদিকে দৈনন্দিন ব্যবহারের একাধিক জিনিসের দামও কমতে পারে। বৈদ্যুতিন জিনিসে শুল্ক কমানো হয়েছে। তার ফলে সস্তা হবে এলইডি এবং এলসিডি টিভি। মোবাইলের যন্ত্রাংশে শুল্ক কমায় দাম কমবে মোবাইলের। ইলেকট্রনিক ব্যাটারির শুল্ক কমায় সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি। লেড এবং জিঙ্কের উপর থেকে প্রাথমিক শুল্ক প্রত্যাহার করায় ব্যাটারির দাম কমবে। সস্তা হবে মেডিক্যাল এবং সার্জিক্যাল সরঞ্জাম। চর্মজাত দ্রব্যের উপরে শুল্ক প্রত্যাহার করায় সস্তা হবে জুতো, বেল্ট, ব্যাগের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস। দাম কমবে জাহাজের যন্ত্রাংশের। দেশে তৈরি পোশাকও সস্তা হবে। সামুদ্রিক মাছ-সহ একাধিক সিফুডের দামও কমবে। তবে বিশ্লেষকদের অনুমান, চাকরিজীবীদের হাতে নগদের পরিমাণ বাড়ায় আগামীতে বাড়বে ক্রয়ক্ষমতা। সেই চাহিদা পূরণ করতে গিয়ে কিছুদিনের জন্য বাজারে মূল্যবৃদ্ধি দেখা যেতে পারে।


More Stories
লক্ষ্মীর ভান্ডারে লক্ষীলাভ : নববারাকপুরে মহামিছিল
লক্ষ্মীবারের বাজেটে লক্ষ্মী আরও ধারালো, অনুসারী অস্ত্রেও শান
বাজেটে বাংলার বরাদ্দ নিয়ে কী বলছেন রাজনৈতিক নেতা – নেত্রীরা?