Home » রাজ্যপালের হাত ধরেই হল বাজেট অধিবেশনের সূচনা, স্বাগত জানালেন মমতা

রাজ্যপালের হাত ধরেই হল বাজেট অধিবেশনের সূচনা, স্বাগত জানালেন মমতা

সময় কলকাতা ডেস্ক:- রীতিমেনেই বাজেট অধিবেশনের সূচনা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সোমবার দুপুরে ঘড়ির কাঁটায় পৌঁনে দুটো নাগাদ পৌঁছন তিনি। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশনের সূচনা ভাষণে রাজ্যের আইনশৃঙ্খলার প্রশংসা করেন রাজ্যপাল।

এদিন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশংসায় রাজ্যপাল বলেন, “আমি গর্বিত, দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি, ইদ, বড়দিন, বুদ্ধজয়ন্তী, গুরুনানক জয়ন্তী, মহাবীর জয়ন্তী, ছট পুজো, গঙ্গাসাগর মেলা-সহ সব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।” উল্লেখ্য, রাজ্যপাল সিভি আনন্দ বোস বহুবার ব্যক্তিগত পর্যায়ে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মুখেই এদিন রাজ্যের আইন-শৃঙ্খলার প্রশংসা যথেষ্ট বেমানান ছিল। আসলে দেশের রাষ্ট্রপতি বা রাজ্যপাল বাজেট অধিবেশনে বা বিভিন্ন অধিবেশনের সূচনা লগ্নে শাসকদলের লিখে দেওয়া বক্তব্যই পাঠ করেন।

নবান্ন-রাজভবনের সংঘাত নতুন নয়। একাধিক ইস্যুতে সরাসরি আক্রমণ, পালটা আক্রমণের পথে হেঁটেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জেরে গতবছর বাজেট অধিবেশনের সূচনা ভাষণ দিতে যাননি রাজ্যপাল। তাঁকে ছাড়াই শুরু হয়েছিল অধিবেশন। কিন্তু এবছর রীতিমেনে বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনা ভাষণ রাখলেন তিনি। এমনকি বিজিবিএসের প্রশংসাও করেন সিভি আনন্দ বোস। বলেন, “সাফল্যের সঙ্গে ৮ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিনিয়োগের যা প্রস্তাব মিলেছে তা বাস্তবায়িত হলে রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান বাড়বে।”

About Post Author