Home » শিক্ষা-সমাজকল্যাণ ক্ষেত্রে বড় ঘোষণা হতে পারে ? রাজ্য বাজেটের দিকে তাকিয়ে রাজ্যবাসী

শিক্ষা-সমাজকল্যাণ ক্ষেত্রে বড় ঘোষণা হতে পারে ? রাজ্য বাজেটের দিকে তাকিয়ে রাজ্যবাসী

সময় কলকাতা ডেস্ক: শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি, প্যারাটিচারদের বেতন বৃদ্ধি ও নিয়োগ ঘোষণার সম্ভাবনা রাজ্য বাজেটে। পাশাপাশি, নতুন নিয়োগের ব্যাপারে ঘোষণার সম্ভাবনাও রয়েছে।রাজ্য বিধানসভায় বাজেট পেশে শিক্ষা ও সমাজকল্যাণ ক্ষেত্রে বড় ঘোষণা করতে পারে সরকার। শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি, প্যারাটিচারদের বেতন বৃদ্ধি ও নিয়োগ ঘোষণার সম্ভাবনা থাকছে রাজ্য বাজেটে। পাশাপাশি, নতুন নিয়োগের ব্যাপারে ঘোষণার সম্ভাবনাও রয়েছে।

১. শিক্ষাবন্ধু খাতে ভাতা বৃদ্ধির সম্ভাবনা

এখন রাজ্যে মোট শিক্ষাবন্ধুর সংখ্যা প্রায় ১২০০ জন। বর্তমানে তাঁরা ৯ হাজার ২২৭ টাকা করে ভাতা পান। ২০০৭ সালে বাম আমলে তৈরি হয় এই যোজনা। শিক্ষাবন্ধুদের শেষবার ভাতা বেড়েছিল ৭ বছর আগে, ২০১৮ সালে।

২. অঙ্গনওয়াড়ি কর্মী, সহকারীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা

একইভাবে বাড়তে পারে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারীদের বেতন। রাজ্যে বর্তমানে প্রায় ২ লাখ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারী রয়েছেন। এখন অঙ্গনওয়াড়ি কর্মীরা মাসে ৯ হাজার টাকা এবং সহকারীরা মাসে ৭ হাজার ৫০ টাকা পান। ২০২৪ সালের মার্চ মাসে তাঁদের বেতন বাড়ানো হয়েছিল। তখন অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা করা হয়। বেতন বাড়ানোর পাশাপাশি নতুন নিয়োগের ঘোষণাও হতে পারে বাজেটে।

৩. প্যারা টিচারদের বেতন বৃদ্ধির সম্ভাবনা

এবারের বাজেটে বেতন বাড়তে পারে প্রাইমারি, আপার প্রাইমারির প্যারা টিচারদেরও। বর্তমানে রাজ্যে ৪৪ হাজার প্যারা টিচার কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রাইমারি স্তরে ২০ হাজার এবং আপার প্রাইমারি স্তরে রয়েছেন ২৪ হাজার। ২০১৭ সালে শেষ বার বড় বেতন বৃদ্ধি হয়েছিল। এরপর ২০২২ সাল থেকে প্রতি বছর ৫% হারে বেতন বাড়ানো করা হয়। বর্তমানে প্রাইমারি প্যারা টিচাররা ৯ হাজার ৭৯৪ টাকা বেতন পান এবং আপার প্রাইমারি প্যারা টিচাররা ১২ হাজার ৭৬৬ টাকা পান এবং স্পেশাল এডুকেটররা ১২ হাজার ২৭১ টাকা বেতন পান। এবারের বাজেটে প্যারা টিচারদের বেতনে বড়সড় বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল। নতুন প্যারা টিচার নিয়োগের ঘোষণাও হতে পারে।ছাব্বিশেই বিধানসভা ভোট। সেদিক তৃতীয় মেয়াদে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট। যে কারণে রাজ্য প্রশাসনের একাংশের ধারণা, এবারের বাজেটে ডিএ নিয়ে যেমন চমক থাকতে পারে তেমনই লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন করতে পারেন মুখ্যমন্ত্রী। একইভাবে শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি কর্মী এবং প্যারা টিচারদের বেতন বৃদ্ধি ও নতুন নিয়োগের ঘোষণা করা হতে পারে।

About Post Author