সময় কলকাতা ডেস্ক:- শরীরে বাসা বেঁধেছে মারণ ক্যান্সার। প্রতি চার মাস অন্তর ৭০ হাজার টাকা খরচ করে চলছিল লিউকোমিয়ার চিকিৎসা। ব্লাড ক্যান্সারে আক্রান্ত সুশান্ত দত্ত স্ত্রী-কন্যা নিয়ে ভাড়া বাড়িতে থেকেও লড়াই চালিয়ে যাচ্ছিলেন এতদিন । তাঁর একমাত্র সহায় ছিল সরকারি স্কুলের চাকরি। তবে সুপ্রিম কোর্টের রায়ে রাতারাতি চাকরিহারা আজ উত্তর দিনাজপুরের ইসলামপুরের এই সরকারি স্কুলের শিক্ষক। অন্ধকার ভবিষ্যতের কথা ভেবে আঁতকে উঠছেন তিনি। কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী-কন্যা।
স্বামীর চাকরি যাওয়ায় চোখে অন্ধকার দেখছেন সুশান্ত দত্তর স্ত্রী সঙ্গীতা। তিনি বলেন, ‘কী ভাবে সংসার চলবে, কী ভাবে তিন বছরের মেয়েকে মানুষ করব, কিছুই ভাবতে পারছি না। মে মাসেই চিকিৎসার জন্য মুম্বইয়ের টাটা মেডিক্যাল সেন্টারে যাওয়ার কথা। কোথা থেকে সেই টাকা আসবে জানি না।’ তাঁরও কাতর আর্জি, সোমা দাসের মতই ক্যান্সার আক্রান্ত তাঁর স্বামীর চাকরিও ফেরানো হোক।
বীরভূমের নলহাটির মধুরা হাইস্কুলের বাংলার শিক্ষিকা সোমা দাসের নাম SSC-র বিতর্কিত প্যানেলে থাকলেও তাঁর চাকরি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন সোমা। ‘মানবিকতার কারণে’ চাকরি বহালের নির্দেশ মিলেছে। ইসলামপুরের চাকরিহারা সুশান্তের দাবি, ‘আমিও ক্যান্সার আক্রান্ত। সোমা দাসের চাকরি থাকলে আমার বিষয়টিও বিবেচনা করুক সরকার, আদালত। আমিও মারণ রোগের সঙ্গে লড়াই করছি।’
চাকরিহারা এই শিক্ষকের কথায়, ‘আমি কোনওদিন কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না। মেধার জোরে চাকরি পেয়েছি। এই চাকরির ভরসাতেই সংসার চালাচ্ছিলাম। ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করছিলাম। রাতারাতি সব চলে গেল। এ বার কী ভাবে সংসার চলবে? হয়তো বিনা চিকিৎসাতেই আমার মৃত্যু হবে। তখন আমার স্ত্রী ও সন্তানকে কে দেখবে?’


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি