সময় কলকাতা ডেস্ক:- কসবায় ডিআই অফিসে চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জ। বুধবার কসবায় বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে চাকরিহারাদের বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। চাকরিহারাদের সেখান থেকে সরাতে পুলিশ লাঠিচার্জ থেকে লাথি, সবই চালাল। নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জ নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশের লাঠির ঘায়ে পড়ে যান এক শিক্ষক। কয়েকজনকে টেনে হিঁচড়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষোভে ফেটে পড়েন সেখানে উপস্থিত অন্য চাকরিহারারা। বিক্ষোভকারী চাকরিহারাদের প্রশ্ন, ‘কেন মারা হলো? বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
ঘটনার পরেই প্রবল ক্ষোভ দেখানো শুরু হয় পুলিশের বিরুদ্ধে। টাকা-পয়সা দেখিয়ে পুলিশকে নানা ভাবে কটাক্ষ করা হয়। ঘটনার পরে ফের তাঁরা ডিআই অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে ধিক্কার স্লোগান ওঠে বিক্ষোভ সমাবেশ থেকে। পুলিশের উপর প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। চাকরিহারাদের একাংশের দাবি, বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। তাঁদের ছাড়া না হলে এই বিক্ষোভ চলবেই।
প্রসঙ্গত, এ দিন রাজ্যের সমস্ত ডিআই অফিস চত্বরে জমায়েতের ডাক দেয় চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষা কর্মীরা। এই কর্মসূচি পালন করতে বুধবার কলকাতার কসবায় ডিআই অফিসের সামনে জমায়েত করেন চাকরিহারারা। জমায়েত হতেই আপত্তি জানায় পুলিশ। অফিসের ভিতরে ঢোকার চেষ্টা করার সময়েই পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা ধস্তাধস্তিতে পৌঁছয়। এরপরেই পুলিশ লাঠি পেটা করে বলে অভিযোগ। মহিলাদের উপরেও নির্বিচারে লাঠি চালানো হয়েছে বলে দাবি। একাধিক সংবাদমাধ্যমে পুলিশ লাথি মারছে, এমন ছবিও দেখা গিয়েছে। যা দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
নেতা নয় নায়ক, যমের অরুচি, ঋতব্রতকে ভয়ঙ্কর আক্রমণ শতরূপের