Home » ১৬ এপ্রিল সুপ্রিম কোর্টে বাতিল হতে পারে ওয়াকফ সংশোধনী আইন? শুনানিতে নজর দেশের

১৬ এপ্রিল সুপ্রিম কোর্টে বাতিল হতে পারে ওয়াকফ সংশোধনী আইন? শুনানিতে নজর দেশের

সময় কলকাতা ডেস্ক:- ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দেশের শীর্ষ আদালতে ১২টিরও বেশি মামলা দায়ের করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। সেই সব মামলায় সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য না শুনে সুপ্রিম কোর্ট যাতে একতরফা কোনও নির্দেশ না দেয়, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে কেন্দ্রীয় সরকার।

সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা সংক্রান্ত মামলার শুনানি হবে ১৬ এপ্রিল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে ওই শুনানি হবে। সূত্রের খবর, এই সংক্রান্ত সব মামলার শুনানি একসঙ্গে হতে পারে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে।

সাংসদ ওয়েইসি ছাড়া ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেছেন আরজেডি সাংসদ মনোজ ঝা এবং ফৈয়াজ আহমেদ, কংগ্রেস সাংসদ মহম্মদ জাভেদ, ইমরান প্রতাপগ্রাহী, দিল্লির আপ বিধায়ক আমানতউল্লা খান-সহ অনেকে। এ ছাড়া অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস, জামিয়াত-উলেমায়-হিন্দ-সহ একাধিক সংগঠনও ওই আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছেন।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যাচ্ছে ১৬ এপ্রিলের তালিকার ১৩ নম্বরে রয়েছে ওয়াকফ সংশোধনী সংক্রান্ত মামলা। ওই দিন সুপ্রিম কোর্টের দিকে নজর থাকবে গোটা দেশের।

About Post Author