Home » বাংলাদেশ সীমান্তে ঘুরতে এসে ভারতে অনুপ্রবেশ, তারপর কি হল?

বাংলাদেশ সীমান্তে ঘুরতে এসে ভারতে অনুপ্রবেশ, তারপর কি হল?

সময় কলকাতা ডেস্ক:শালমারা বাজারে বাংলাদেশি যুবককে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করল পুলিশ। শালমারা বাজারে সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করার সময়, স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রবিবার সকাল ৮টা নাগাদ জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য এই তথ্য জানান। জানা গিয়েছে, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে শালমারা বাজারে ওই যুবককে ঘুরতে দেখা যায়। এতে স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে এলাকার বাসিন্দারা। জিজ্ঞাসাবাদের সময় যুবকটি নিজেকে বাংলাদেশের বাসিন্দা হিসেবে স্বীকার করে, পরে তাকে সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গ্রেফতার যুবকের নাম সাহিন আলী (২২)। সে বাংলাদেশের পাগলাবাড়ি গ্রামের বাসিন্দা। পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে সাহিন জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তে দীঘলটারী এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় সে ঘুরতে ঘুরতে অনিচ্ছাকৃতভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে ।
জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য জানিয়েছেন “অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে বিএসএফের দীঘলটারী বর্ডার আউটপোস্ট সংশ্লিষ্ট ধারায় সাহেবগঞ্জ থানায় মামলা দায়ের করেছে ওই যুবকের বিরুদ্ধে”।

উল্লেখ্য, গত বুধবার পশ্চিম শীতলকুচি সীমান্তে উকিল বর্মন নামের এক ভারতীয় কৃষককে বাংলাদেশি দুষ্কৃতীরা তুলে নিয়ে যায়। পরবর্তীতে দুর্বৃত্তদের হাত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ(BGB) ওই ভারতীয় কৃষককে উদ্ধার করে বাংলাদেশ হাতিবান্ধা থানার পুলিশ এর হাতে তুলে দেয়। সূত্রের খবর, বাংলাদেশের হাতিবান্ধা থানার পুলিশ ভারতীয় কৃষক উকিল বর্মনকে লালমনিরহাট আদালতে পেশ করলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। সেই আবহে বাংলাদেশী যুবকের অবৈধ ভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

About Post Author